ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে নয়, বরং 'দেশ রক্ষার' জন্যই বিএনপি আন্দোলনে নেমেছে বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই সরকার যুদ্ধাপরাধের বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
"আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই- যুদ্ধাপরাধের বিচার বিএনপিও চায়। আমাদের অবস্থান যুদ্ধাপরাধের বিচারের পক্ষে। তবে সেই বিচারের প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মান অনুযায়ী হতে হবে", যোগ করেন তিনি।
গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ রোডমার্চের পথে বগুড়ায় এক জনসভায় যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, "এটা বিচার নয়, প্রহসন। চার দলকে নিশ্চিহ্ন করার জন্য সরকার এই বিচার করছে। এজন্য নিজামী সাহেব, মুজাহিদ, সাঈদী ও সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।"
বিএনপি চেয়ারপার্সনের ওই বক্তব্যের ব্যাখায় মির্জা ফখরুল বলেন, "ম্যাডামের পুরো বক্তব্যটি আপনাদের অনুধাবন করতে হবে। নিজামী সাহেবদের গ্রেপ্তারের পদ্ধতি কি সঠিক ছিলো? অন্য অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা মনে করি, জামায়াত নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন- ইত্যাদি সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ থাকলে অবশ্যই তাদের বিচার হতে হবে।"
গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীসহ পাঁচ শীর্ষ নেতাকে গ্রেপ্তর করা হয়েছে। এছাড়া এ মামলায় কারাগারে আছেন সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিএনপির দুইজন।
এদের অধিকাংশকেই প্রথমে অন্য মামলায় গ্রেপ্তার করে পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে উল্লেখ করেন মীর্জা ফখরুল।
তিনি বলেন, "পুরো বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে। যাদের ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের অতীত পরিচয় কী? আমরা মনে করি- যুদ্ধাপরাধের বিচার রাজনৈতিক উদ্দেশ্যমূলক হলে বিচারের মূল বিষয় ব্যাহত হবে।"
যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল নিরপেক্ষ নয় বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
"মন্ত্রীরা বিচারের আগেই ট্রাইব্যুনালের কাজ করে যাচ্ছেন, কথা বলছেন। যেমন- গোলাম আজম সাহেব কবে গ্রেপ্তার হবেন- তার সময়ও আইন প্রতিমন্ত্রী নির্ধারণ করে দিচ্ছেন।"
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততম সময়ের মধ্যেই হবে; এ সরকারের আমলেই। যারা বাইরে আছেন তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে। গোলাম আজমের খবর হচ্ছে আগামী ১৫-২০ দিন থেকে এক মাসের মধ্যে।"
ফখরুল দাবি করেন, মুক্তিযুদ্ধের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারই প্রকৃত যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়েছিল।
জামায়াতের নেতারা 'যুদ্ধাপরাধী' কি না- এ প্রশ্নের জবাবে ফখরুল বলেন, "ইয়েস-নো কিছুই বলব না আমি। আমি রাজনীতি করি। নিজামী সাহেব কোথায় লুণ্ঠন করেছেন, হত্যা করেছেন, তা সুনির্দিষ্টভাবে অভিযোগ আনতে হবে। সেই অভিযোগ কি তারা আনতে পেরেছে?"
"জামায়াতের নেতারা যখন ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে, তখন এই জামায়াত যুদ্ধাপরাধী ছিলো না? তখন তারা জায়েজ ছিলো। আর আমাদের সঙ্গে ঐক্য হলেই তা না-জায়েজ হয়ে যায়।"
রোড মার্চ সফল
চাঁপাইনবাবগঞ্জ রোড মার্চ সফল হয়েছে দাবি করে ফখরুল বলেন, গণজাগরণ দেখে সরকার ভীত এবং কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছে। এ কারণেই সরকারের প্রধান এবং মন্ত্রীরা বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে 'কটুক্তি' করছেন।
মির্জা ফখরুল জানান, আগামী ২৭ অক্টোবর ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। এরপর তিনি চট্টগ্রাম, খুলনা ও রংপুরেও রোড মার্চ করবেন। এসব রোড মার্চ শেষে সরকার হঠাতে কঠোর আন্দোলন শুরু হবে।
"আমরা আশা করবো, এর মধ্যেই সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেবে।"
অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪৪৭ ঘ.
bdnews24