২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির চট্টগ্রাম রোড মার্চ স্থগিত

মহাজোট সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপির চট্টগ্রাম অভিমুখে ২৫ অক্টোবরের রোড মার্চের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিএনপির চট্টগ্রাম অভিমুখে ২৫ অক্টোবরের রোড মার্চের কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি বলেন, "চট্টগ্রামের রোড মার্চ স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি নির্ধারণ হয়নি।" কী কারণে ২৫ অক্টোবরের রোড মার্চ স্থগিত করা হয়েছে তা জানাননি ফখরুল। তবে আগামী ২৫ অথবা ২৬ অক্টোবর ময়মনসিংহ শহরে খালেদা জিয়ার জনসভা করবেন বলে জানান তিনি। এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ওই সময় (২৫ অক্টোবর) তিনিসহ অন্যান্য নেতারা হজে পালনে সৌদি আরব যাবেন। ২০০১ সালের নির্বাচনে আগে খালেদা জিয়া তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ঐক্যমতের সরকারের বিরুদ্ধে সারাদেশে চারটি রোড মার্চ করেছিলেন। আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে সিলেট এবং ১৮ অক্টোবর রাজশাহী অভিমুখে রোড মার্চ করবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। গত ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনে এক জনসভায় তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। রোড মার্চে সিলেটে পৌঁছানোর পর ১১ অক্টোবর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা হবে। রাজশাহী অভিমুখে রোড মার্চে ১৮ অক্টোবর বগুড়া শহরে এবং ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে জনসভা করবে। এসব জনসভায় খালেদা জিয়া বক্তব্য দেবেন। গুলশান কার্যালয়ে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সিলেট রোড মার্চ এবং বিকাল ৩টায় রাজশাহী রোড মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সিলেট রোড মার্চের প্রস্তুতি সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং রাজশাহী রোড মার্চের প্রস্তুতি সভায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সভাপতিত্ব করেন। এ দুটি সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। সভায় দলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও যে সব জেলার ওপর দিয়ে রোডমার্চ যাবে সে সব জেলার নেতারাও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬৪৫ ঘ.