ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলযোগের কারণে সেনবাগের সব কেন্দ্র এবং অন্য চারটি পৌরসভার ২১ কেন্দ্রে নির্বাচন স্থগিত হলেও সার্বিকভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভোট সুষ্ঠু হয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন। যদিও বিএনপির অভিযোগ, এ দুই বিভাগের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮ পৌরসভায় মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে।
নোয়াখালী, ফেনী, হবিগঞ্জ, চাঁদপুরের ছেংগারচরে সংঘর্ষ হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোটে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। ব্যালট বাক্স ছিনতাই হয়েছে নোয়াখালী ও ফেনীতেও। ফেনীতে মারধর করা হয়েছে নির্বাচন কর্মকর্তাকে।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, কিছু কেন্দ্রে গোলযোগ হলেও সার্বিকভাবে ভোটগ্রহণ ছিলো সুষ্ঠু।
"চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় এবং হবিগঞ্জের একটি কেন্দ্রে কিছু অঘটন ছাড়া সার্বিকভাবে ভালো নির্বাচন হয়েছে। আমরা এতে সন্তুষ্ট", বলেন তিনি।
অনিয়মের অভিযোগ পাওয়ার পর ইসি ত্বরিত পদক্ষেপ নিয়ে কয়েকটি স্থানে নির্বাচন স্থগিত করেছে বলে জানান ছহুল।
ইসি কর্মকর্তারা জানান, নোয়াখালীর সেনবাগ পৌরসভায় নির্বাচন স্থগিত হয়েছে। এছাড়া নোয়াখালী পৌরসভায় ১৭টি, ফেনীতে দুটি, নাঙ্গলকোটে একটি এবং হবিগঞ্জে একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত করা হয়েছে।
নোয়াখালী পৌরসভার যে সব কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়েছে, সেগুলো হলো- ২, ৪, ৭, ৮, ৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৭, ১৮, ২০, ২২, ২৩, ২৪ ও ২৫ নম্বর কেন্দ্র।
ফেনী পৌরসভার বারাহিপুর এবং মধুপুর মালেক মিয়ার বাজার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে। ব্যালটবাক্স ছিনতাইয়ের পর নাঙ্গলকোট পৌরসভার ধাতীসর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। মারামারির পর স্থগিত হয়েছে হবিগঞ্জ পৌরসভার টাউন মডেল বালক বিদ্যালয় কেন্দ্রের ভোট।
ছহুল বলেন, যে সব জায়গায় 'বিচ্ছিন্ন ঘটনা' ঘটেছে, ভোট স্থগিত করা হয়েছে- ইসি সেগুলোর তদন্ত করবে ও পুনঃতফসিল দেওয়া হবে।
বিএনপি ইতিমধ্যে বৃহত্তর নোয়াখালীর সব কটিসহ ১৮ পৌরসভায় নির্বাচন বাতিল করে পুনর্র্নিবাচন দাবি করেছে। তারা বলেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের নির্বাচনে ক্ষমতাসীন দল প্রভাব খাটিয়েছে।
এর আগে রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে পৌর নির্বাচন নিয়ে বিএনপি সন্তোষ প্রকাশ করেছিলো। তবে ঢাকার নির্বাচন নিয়ে তারা কিছুটা আপত্তি তুলে ধরে।
ইসির ওপর সরকারের কোনো প্রভাব ছিলো কিনা- জানতে চাওয়া হলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ইসি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সরকারের সদিচ্ছা না থাকলে এ ধরনের ভালো নির্বাচন সম্ভবপর হতো না।"
নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বিগত সময়ের পৌর নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের তুলনা করে দেখার আহ্বান জানান।
অভিযোগ নিয়ে বিএনপির প্রতিনিধি দলকে সাক্ষাৎ না দেওয়ার বিষয়ে সাখাওয়াত বলেন, "নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে ইসির কাছে অভিযোগ জানানোর উপায় নেই। ভোটের দিন এ ধরনের অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছেই যাচাই করতে হবে ইসিকে।"
মঙ্গলবার পর্যন্ত দেশের সব বিভাগের ২৪২টি পৌরসভার নির্বাচন হলো। গত ১২ জানুয়ারি রংপুর ও রাজশাহী বিভাগের নির্বাচন দিয়ে এ দফায় ভোট শুরু হয়। আগামী ২৭ জানুয়ারি আরো কয়েকটি স্থানে নির্বাচন হবে।
সর্বশেষ ২০০৪ সালের মে মাসে ৫-১০ মে ১১৫টি পৌরসভার নির্বাচন হয়। ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর প্রথম পৌরসভা নির্বাচন হয় স্বাধীন বাংলাদেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/প্রতিনিধি/এমআই/১৯১৫ ঘ.
bdnews24