ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার ভয়াল ২১ অগাস্ট, গ্রেনেড হামলা দিবস।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত এবং কয়েকশ' আহত হন।
সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত ওই সমাবেশের প্রধান অতিথি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ামাত্র গ্রেনেড হামলা ও গুলি বর্ষণ শুরু হয়।
এতে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তির গুরুতর ক্ষতি হয়।
আওয়ামী লীগের কর্মসূচি
দিবসটি পালনে আওয়ামী লীগ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
এরমধ্যে শেখ হাসিনা শনিবার সকাল সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের অস্থায়ী বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। একইদিন বিকাল ৫টা ২২ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন ও শহীদদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হবে। একই সময়ে সারা দেশে দলীয় কার্যালয়ে দুই মিনিট নীরবতা পালন করা হবে। ওই সময়ই গ্রেনেড হামলা হয়েছিল।
রোববার বিকাল তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার এক বিবৃতিতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
২১ অগাস্ট উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
এ দিনটিকে ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় অভিহিত করে রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার বাণীতে বলেন, "১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী স্বাধীনতা বিরোধী একই ঘাতক চক্র শেখ হাসিনাকে হত্যার জন্য পরিকল্পিতভাবে ওই গ্রেনেড হামলা চালায়।"
রাষ্ট্রপতি আরো বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য যে প্রতিক্রিয়াশীল ও স্বাধীনতা বিরোধী চক্র এখনো সক্রিয়, তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ও ঐক্য গড়ে তোলা সময়ের দাবি।
বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জিল্লুর রহমানের স্ত্রী দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভী রহমান ২১ অগাস্টের ওই হামলায় নিহত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে ২১ অগাস্টের ঘটনার মূল পরিকল্পনাকারী, নিদের্শদাতা ও হত্যাকারীদের বিচারের মাধ্যমে এদেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান ঘটানোর আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ''২১ অগাস্টের গ্রেনেড হামলার মূল লক্ষ্য ছিলো স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেওয়া। হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস ও র্দুর্নীতির রাজত্বকে চিরস্থায়ী করা। বাংলাদেশকে নেতৃত্বশূণ্য করে দেওয়া।
"এ ধরনের নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার করা একটি সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার হত্যাকারীদের রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে। হামলাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেয়। সব আলামত ধ্বংস করা হয়। তদন্তের নামে এই নারকীয় ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়।"
প্রধানমন্ত্রী আরো বলেন, "কিন্তু সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। আজ তদন্তে বেরিয়ে এসেছে, সেদিনের বিএনপি-জামায়াত জোট সরকারের একজন উপমন্ত্রী এই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলো। সেদিন কার নির্দেশে এই বর্বর হামলা হয়েছিলো, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জনগণ আশাবাদী।''
ওই হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের প্রতি সমবেদনা জানান শেখ হাসিনা।
কয়েক দফা তদন্ত কর্মকর্তা বদলের পর ২০০৮ সালের ১১ জুন জোট সরকারের সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপির সহ-সভাপতি আবদুস সালাম পিন্টু এবং হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র দেয় পুলিশ।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এ মামলার অধিকতর তদন্তের দাবি জানান আইনজীবিরা। আদালতের নির্দেশে এখন মামলার অধিকতর তদন্ত চলছে।
আবদুস সালাম পিন্টুর ছোট ভাই হরকাতুল জিহাদ নেতা মাওলানা তাজউদ্দিন এ মামলার অন্যতম পলাতক আসামী।
পিন্টু ও হান্নানসহ ১৩ জন কারাগারে আটক আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২২২০ ঘ.
bdnews24