ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের এক মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আগামী ১০ আগস্ট আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার সকালে ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছে।
১৯৭১ সালের ৮ মে ও ২ জুন পিরোজপুুরে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গত ২১ জুলাই ট্রাইব্যুনালে করা মামলায় এ আদেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের ১ নম্বর মামলায় গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লার মুক্তির আবেদন, তাদের বিরুদ্ধে কার্যক্রম স্থগিত এবং মামলার নথিপত্র ফেরত পাঠানোর তিনটিসহ ছয়টি আবেদনের ওপরও আগামী ১০ আগস্ট শুনানি হবে।
আদেশে ট্রাইব্যুনাল বলেছে, সন্দেহভাজন ব্যক্তি দেলোয়ার হোসেন সাঈদী ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। গত ২১ জুলাই ট্রাইব্যুনালের দায়ের করা ২ নম্বর মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেছেন, অন্য মামলায় দেলায়ার হোসেন সাঈদী কারাগারে আটক রয়েছে। আমরা চাই, তার বিরুদ্ধে হাজিরা পরোয়ানা (প্রোডাকশন ওয়ারেন্ট) জারি করা হোক। এ আদালত আগামী ১০ আগস্ট তাকে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
এর আগে আদালতে শুনানিতে সৈয়দ রেজাউর রহমান বলেন, ১৯৭১ সালে পিরোজপুরে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুণ্ঠন চালায় দেলাওয়ার হোসাইন সাঈদী ওরফে দেলু। পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন এজাজের সঙ্গে দেখা করে দেলু পাকিস্তান রক্ষার শপথ নেয়। অন্যদের সঙ্গে নিয়ে পাকিস্তানি বাহিনীর সহোযোগিতায় আল শামস ও রাজাকার বাহিনী গঠন করে। হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।
রেজাউর রহমান আরো বলেন, ১৯৭১ সালের ৮ মে মুক্তিবাহিনীর আলমগীর পসারি, মাহবুব পসারি, চাঁন মিয়া পসারি ও জাহাঙ্গীর পসারিকে সে হত্যা করে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পিরোজপুরের চিশতিয়া গ্রামে এসব হত্যাকাণ্ড এবং মানবতা ও শান্তিবিরোধী অপরাধ চলে।
রেজাউর রহমান বলেন, ১৯৭১ সালে ২ জুন পিরোজপুরের টেয়রাখালি গ্রামের পূর্ব সীমান্তে উমেদখালি গ্রামে দেলুর নেতৃত্বে তার বাহিনী হিন্দুপাড়ায় যায়। সেখান থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে, বাড়িতে অগ্নিসংযোগ করে, নারিকেল গাছে বেঁধে শান্তিপ্রিয় মানুষকে হত্যা করে। মেয়েদের ধরে নিয়ে গিয়ে পাকিস্তানি বাহিনীর কাছে হস্তান্তর করে।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ত (২) ধারা অনুয়ায়ী দেলু অপরাধ করেছে বলে তদন্তে দেখা যায়। এ অপরাধের দায়ে তাকে গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
আদালত বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী কোথায় তা আপনার আবেদনে বলা হয়নি।
রেজাউর আদালতকে বলেন, সাঈদী ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
এ পর্যায়ে আদালত সাঈদীকে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দেন।
এর আগে শুরুতেই সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম তার পক্ষে তিনটি নতুন আবেদন দায়ের করতে আদালতের অনুমতি চান। আদালত বলেন, সাঈদী আমাদের সামনে নেই। আদালত এ আবেদনগুলো পরে দায়ের করার পরামর্শ দেন।
নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক দেখানের জন্য গত ২৬ জুলাই করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এর মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়।
এরপর ২ আগস্ট ওই মামলায় জামায়াতে ইসলামীর চার শীর্ষ নেতাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখার আদেশ দেয় ট্রাইব্যুনাল।
২৬ জুলাই আদেশে ট্রাইব্যুনাল আরো বলে, "গত ২১ জুলাই ট্রাইব্যুনালে দায়ের করা ১ নম্বর মামলায় নিজামী, মুজাহিদ, কাদের ও কামারুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে। চিফ প্রসিকিউটর বলেছেন, তদন্তের স্বার্থে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রয়োজন।
"চিফ প্রসিকিউটর আরো বলেছেন, যদিও তারা অন্য মামলায় গ্রেপ্তার আছেন; কিন্তু এ মামলায় তারা গ্রেপ্তার নন। ওইসব মামলায় তাদের জামিন পাওয়ার এবং বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন।"
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "এই চারজন যাতে বেরিয়ে যেতে না পারে
bdnews24