২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ডিসি-পুলিশ দ্বন্দ্বে সমাধান হতে পরে জেলা পরিষদ'

কর্তৃত্ব নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে পুলিশের দ্বন্দ্বের পটভূমিতে সাবেক সরকারি কর্মকর্তা, পুলিশ প্রধান ও একজন নাগরিক অধিকার আন্দোলনের নেতার মতামত তুলে ধরেছেন শামীম আল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 01:06 PM

Updated : 25 Aug 2022, 05:01 PM

শামীম আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জেলা পর্যায়ে কর্তৃত্ব নিয়ে বেসামরিক প্রশাসনের সঙ্গে পুলিশের দ্বন্দ্বের সমাধান সংবিধানের মধ্যেই রয়েছে বলে মনে করছেন সুশাসন আন্দোলনের একজন নেতা। সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, "সংবিধানের আলোকে যদি জেলা পরিষদ কার্যকর থাকতো, তাহলে এই সমস্যা তেমন প্রকট হতো না। জেলা পরিষদই সব কিছু দেখভাল করতো।" সাবেক সরকারি কর্মকর্তা আকবর আলি খান অবশ্য মনে করেন, জেলা প্রশাসনের পুরান কাঠামো ভেঙে গেছে। অথচ নতুন ব্যবস্থা গড়ে না ওঠায় সমস্যা দেখা দিয়েছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর বলেন, "সরকারের উচিত ডিসিদের ভূমিকা কি হবে তা স্পষ্ট করা। প্রয়োজনে নতুন আইন করতে হবে।" পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদা মনে করেন, পুলিশকে তার নিজস্ব আইনি কাঠামো ও 'চেইন অব কমান্ড' অনুযায়ীই চলতে দেওয়া উচিত। ডিসি-পুলিশ মুখোমুখি অবস্থান- প্রশাসনিক দিক দিয়ে ভালো ফল বয়ে আনবে না বলেই মনে করেন তারা। এমন পরিস্থিতি চলতে থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বদলে অবনতির দিকে যাওয়ার আশংকাও করেন সাবেক উপদেষ্টা আকবর আলি খান। রোববার ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকে জেলা প্রশাসকরা তাদের বক্তব্যে পুলিশ বাহিনী সম্পর্কে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করেন। পুলিশের কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন দেওয়ার ক্ষমতাও চান তারা। ডিসিদের এ ধরনের বক্তব্যে পুলিশ বাহিনীতে ক্ষোভ দেখা দেয়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সোমবার সংবাদ সম্মেলনও করে পুলিশ সার্ভিস এসোসিয়েশন। পুলিশের কাজের উপর প্রতিবেদন দেওয়ার ডিসিদের ক্ষমতা চাওয়ার বিপরীতে উল্টো পুলিশ সুপারদের (এসপি) অধীনে জেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট নিয়োগের দাবি জানায় পুলিশ সার্ভিস এসোসিয়েশন। সাবেক সচিব আকবর আলি খান বিষয়টিকে দেখছেন, 'আন্ত: ক্যাডার কলহের এক ধরনের প্রতিফলন' হিসেবে। তিনি বলেন, "দীর্ঘদিন পর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়ে যাওয়ায় ডিসিদের যে বিচারিক ক্ষমতা ছিল বলতে গেলে তা এক প্রকার উঠেই গেছে।" ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসিতে নির্বাহী বিভাগের যে বিচারিক ক্ষমতা ছিল তা চলে গেছে বিচার বিভাগের হাতে। অবশ্য পুলিশকে নিয়ন্ত্রণে ডিসিদের দাবি একেবারেই সমর্থন করেন না আকবর আলি। তিনি বলেন, "অধীনস্ত ব্যাপারটা খুব ভালো শোনায় না। সবাই সরকারের লোক। ফলে নিজ নিজ অবস্থান থেকে সবাই কাজ করে যাবেন, এটাই কাম্য।" পুলিশের সাবেক মহাপরিদর্শক মো. আশরাফুল হুদা বলেন, "বিষয়টি স্পর্ষকাতর। ডিসিদের বক্তব্য দুঃখজনক। কারো উপর খবরদারি করার চেষ্টা উপনিবেশিক মানসিকতার প্রতিফলন। যার কাজ তারই করা উচিত।" সমস্যা সমাধানে সংবিধানেই সমাধান রয়েছে জানিয়ে বদিউল আলম মজুমদার সংবিধানের ৫৯ অনুচ্ছেদ উদ্ধৃত করেন,"আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে।" তার মতে, কেন্দ্রের নেতৃত্বে যেমন সব কিছু নিয়ন্ত্রিত হয়, তেমনি জেলা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকারের অধীনেই অনির্বাচিত প্রশাসন যন্ত্রকে কাজ করতে হবে। অথচ তা না করে বরং সংশোধিত উপজেলা পরিষদ আইনের বেলায় উল্টোটা করা হয়েছে বলে অভিযোগ করেন সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, "এই আইনের ৩৩ ধারা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পরিষদের সচিব করা হয়েছে। এতে করে কাজ করতে গিয়ে অনেক সময় উপজেলা পরিষদের কর্মকর্তা এবং নির্বাচিত জনপ্রতিনিধি দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন।" এদিকে পুলিশের জবাবদিহিতা প্রসঙ্গে সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদা বলেন, "পুলিশ রেগুলেশন অব বাংলাদেশ-১৯৪৩ এবং পুলিশ অ্যাক্ট ১৮৬১ অনুযায়ী পুলিশের কর্মকাণ্ড তদারকির খুব ভালো ব্যবস্থা ও 'চেইন অব কমান্ড' রয়েছে।" ব্রিটিশ আমলের পুলিশ অ্যাক্টটিকে যুগোপযোগী করার জন্য ২০০৭ সালে যে খসড়া অধ্যাদেশটি করা হয়েছিল আমলাদের কারণেই তা আলোর মুখ দেখছে না বলেও তিনি অভিযোগ করেন। পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি একেবারেই সমর্থন করেন না সাবেক সচিব আকবর আলি খান। তিনি মনে করেন এতে করে 'চেক অ্যান্ড ব্যালেন্স' করার যে ব্যাপারটি থাকে, তা নষ্ট হয়ে যায়। তিনি বলেন, "আমার মনে হয় বিষয়টি নিয়ে সরকারের ভেবে দেখা উচিত।" তবে মহানগরের মতো জেলা পর্যায়েও পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাওয়ার পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে আশরাফুল হুদা বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পুলিশকেই তার দায় বহন করতে হয়। জবাবদিহিতা থাকবে একজনের আর কর্তৃত্ব করবে অন্য আরেকজন তা হয় না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএএ/জিএনএ/১৮৫৩ ঘ.