২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হয়রানিমূলক মামলার তথ্য সংগ্রহ করা হচ্ছে: বিএনপি

সরকার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিচ্ছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, তাদের বিরুদ্ধে সরকারের কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করে জনগণের সামনে তুলে ধরা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 09:36 AM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিচ্ছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, তাদের বিরুদ্ধে সরকারের কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করে জনগণের সামনে তুলে ধরা হবে। সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের দায়ের করা মামলার প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা একথা জানান। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন বলেন, "রাজনৈতিক প্রতিহিংসাবশত মহীউদ্দীন আলমগীর একের পর এক মিথ্যা মামলা দায়ের করে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করছে।" মিলন ও মহীউদ্দীন- দুজনেরই বাড়ি চাঁদপুরের কচুয়ায়। সাবেক সাংসদ মিলন বলেন, "আমার কচুয়ার বসত বাড়ি ক্ষমতাসীন দল দখল করে রেখেছে। আমার বাবার নামে করা স্কুলের নাম তারা বদলে দিয়েছে অন্যায়ভাবে। কচুয়ায় সন্ত্রাস চালাচ্ছে তারা।" সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "এ সব মিথ্যা-হয়রানিমূলক মামলা ও হামলার তথ্য বিএনপি সংগ্র্রহ করছে। তা পরে প্রকাশ করা হবে।" মিলন বলেন, "২০০৩ সালের ১৬ অক্টোবর মহীউদ্দীন আলমগীরের গাড়িতে সংঘটিত হামলা-ছিনতাই ঘটনার অভিযোগে গত বছরের ৯ জুন আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ ঘটনার দিন ঢাকায় সোনারগাঁও হোটেলে তৎকালীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হ্যারি কে টমাসকে দেওয়া এক সংবর্ধনা সভায় অতিথি ছিলাম আমি।" সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত এক বছরে কচুয়ায় সরকারি দলের হামলায় বিএনপি সমর্থক আইনজীবী আবদুল কুদ্দুছ, ছাত্রদল নেতা কামালের বোন মায়ানুর, বিএনপিকর্মী জহির, মনপুরা গ্রামের ছাত্রদল নেতা মিজান নিহত হয়েছেন। সংবাদ সম্মেলনে মিলনের স্ত্রী মহিলা দলের নেত্রী নাজমুন নাহার বেবী, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মাদ্রাসা শিক্ষক সমিতির চেয়ারম্যান এম এ লতিফ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫৩১ ঘ.