ময়মনসিংহ, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগ নেতার ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত ৮টায় উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের মামারিশপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ভালুকা মডেল থানার ওসি নরেন্দ্র নাথ সরকার বলেন, মামারিশপুর গ্রামে জমির দখল নিয়ে একটি সালিশ বৈঠকে মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফারুকের (৩৫) সঙ্গে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সহ-সভাপতি ওমর ফারুকের (২৫) কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ফারুকের ছুরিকাঘাতে ওমর ফারুক গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫১ ঘ.
bdnews24