২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মিথ্যা' মামলা প্রত্যাহার দাবিতে যুবদলের বিক্ষোভ কর্মসূচি

প্রধান বিচারপতির বাসভবনের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবিতে তিনদিনের বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2010, 12:59 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতির বাসভবনের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবিতে তিনদিনের বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। রোববার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠকে এই কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয়। যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করীম বাদরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন । তিনদিনের কর্মসূচির মধ্যে রয়েছে- ২৩ নভেম্বর প্রতি জেলায়, ২৪ নভেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ নভেম্বর রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ-সমাবেশ। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ। এছাড়া সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সহসভাপতি এলবার্ট কস্তা, ফজলুর রহমান, ফারুক আহমেদ, কে এম আই খলিল, আবদুল খালেক, মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, দক্ষিণের সভাপতি হামিদুর রহমান হামিদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের হেয়ার রোড়ের বাসভবনের দেওয়ালের কাছে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় পুলিশ যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন অসীম, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি মহাসচিবের ছোট ছেলে খোন্দকার আখতার হামিদ পবনের বিরুদ্ধে মামলা দায়ের করে। রোববার দুপুরে এক সংবাদ ব্রিফিঙে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই মামলাকে সরকারের 'সাজানো নাটক' অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। তিনি এই 'মিথ্যা' মামলা দায়েরের নিন্দাও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮৫৩ ঘ.