ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টি সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এরশাদ বলেন, "ওই সময়ে আমি কোনো মানুষকে হত্যা করিনি। আমার হাতে রক্তের দাগ নেই। তাই আজ এ গণতন্ত্র দিবস পালনে রয়েছে সৃষ্টির উল্লাস।"
বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
'গণতন্ত্র দিবস' উপলক্ষে এ সভার আয়োজন করে জাতীয় পার্টি।
সাবেক এই রাষ্ট্রপতি নিজের শাসনামলের কথা উল্লেখ করে বলেন, "ক্ষমতার লোভে নয়, সংকট নিরসনে বাধ্য হয়ে সামরিক শাসকের দায়িত্ব গ্রহণ করেছিলাম।
"পরে ১৯৮৬ সালের ১০ নভেম্বর সামরিক শাসন প্রত্যাহার করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করি। যা আজও অব্যাহত আছে, ভবিষ্যতেও থাকবে।"
তিনি বলেন, দেশে জাতীয় এবং দলীয়ভাবে অনেক দিবস পালন করা হয়। কিন্তু গণতন্ত্র নিয়ে এতো কথা বলা হয় সেজন্য কোনো দিবস পালন করা হয় না।
গণতন্ত্র দিবস পালন প্রসঙ্গে এই সাবেক সামরিক শাসক বলেন, "সংবিধানের সপ্তম সংশোধনীর রায়ে বলা হয়েছে, আমার শাসনামলের নয় বছরের মধ্যে শেষের পাঁচ বছর ছিল গণতান্ত্রিক শাসন।
সেজন্য এবছর থেকে গণতন্ত্র দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতিবছর জাতীয় পার্টির পক্ষ থেকে এ দিবস পালন করা হবে।"
১৯৮৭ সালের ১০ নভেম্বর এরশাদ বিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর কেন্দ্র তৎকালীন জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন যুবলীগকর্মী নূর হোসেন।
বুকে-পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'- স্লোগান লিখে মিছিলে শামিল হয়েছিলেন তিনি।
তারপর থেকে ১০ নভেম্বর পালিত হচ্ছে নূর হোসেন দিবস হিসেবে। আর জিরো পয়েন্টের নামকরণও হয়েছে নূর হোসেন চত্বর। নূর হোসেনের আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্র হয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
এই নূর হোসেনের নাম উল্লেখ না করে এরশাদ বলেন, এই দিনটিতে আরো একটি দিবস পালন করা হয়। তার নামে চত্বর করা হয়েছে। কিন্তু দেশে এ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। তাদের নামে তো চত্বও করা হয়নি।
কেন এ দিবস পালন করা হয়-এ প্রশ্নও রাখেন এরশাদ।
ক্ষমতাসীন দলের উদ্দেশে তিনি বলেন, জাতীয় পার্টিকে মূল্যায়ন করুন। তাহলে ভবিষ্যতে আবার ক্ষমতায় আসতে পারবেন।
সভায় আরো বক্তব্য দেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, দেলোয়ার হোসেন খান, মোস্তফা জামাল হায়দার, যুগ্ম-সম্পাদক আলমগীর সিকদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২২৪৬ ঘ.
bdnews24