২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিদেশীদের দেওয়া গোপন ওয়াদা পালনে সক্রিয়: খালেদা

বর্তমান সরকার বিদেশীদের দেওয়া গোপন ওয়াদা বাস্তবায়নে সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি এ ব্যাপারে জনগনকে সচেতন ও সংগঠিত করতে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার বিদেশীদের দেওয়া গোপন ওয়াদা বাস্তবায়নে সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি এ ব্যাপারে জনগনকে সচেতন ও সংগঠিত করতে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী ছাত্র দলের নবগঠিত কমিটির নেতারা তার সঙ্গে সাক্ষাত করতে গেলে খালেদা জিয়া তাদের উদ্দেশে এ আহবান জানান। বিএনপির চেয়ারপার্সন বলেন, ''দেশে নির্বাচিত সরকার আসলেও পরিস্থিতির উন্নতি হয়নি। নির্বাচনের আগে সরকার জনগণের কাছে যেসব ওয়াদা করেছিল, তা বাস্তবায়ন না করে বিদেশীদের দেওয়া গোপন ওয়াদা পালনে সক্রিয় রয়েছে। টিপাইমুখে বাঁধ নির্মাণ ও রুট পরিবর্তন করে এশিয়ান হাইওয়ের নামে ভারতীয় হাইওয়ে করার কাজ করছে। এসবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।'' গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের ছাত্র দলের নতুন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের নেতৃত্বে ছাত্র দলের কয়েকশ' নেতা-কর্মী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তারা নেত্রীকে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানান। এ সময় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন স্বাগত বক্তব্য দেন। খালেদা জিয়া নতুন কমিটির নেতাদের ফুল দিয়ে অভিনন্দন জানান। বুধবার রাতে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আমিরুল ইসলাম খান আলিমকে সাধারণ সম্পাদক করে ছাত্র দলের ১০১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। খালেদা জিয়া তার সংক্ষিপ্ত বক্তব্যে টিপাইমুখে বাঁধ ও রুট পরিবর্তন করে এশিয়ান হাইওয়ে নির্মাণ প্রসঙ্গে বলেন, ''এসব দেশের স্বার্থ বিরোধী প্রকল্প। ছাত্র দলকে এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।'' জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে 'নানামুখী ষড়যন্ত্র' ও 'বিভাজন' সৃষ্টির অপচেষ্টা চলছে মন্তব্য করে বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেন, ''এ সব চক্রান্তের বিরুদ্ধে আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে।'' দেশে জরুরি অবস্থা থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ছাত্র দলের ভূমিকারও প্রশংসা করেন তিনি। সেইসঙ্গে ছাত্রদলকে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করারও আহবান জানান খালেদা জিয়া। এ সময় ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে নাজিম উদ্দিন আলম, শিরিণ সুলতানা, এ বি এম মোশাররফ হোসেন ও সাংসদ নীলুফার চৌধুরী মনি উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৪৫ ঘ.