২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকিতে ভয় পাইনা, আন্দোলন চলবে: বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত বিএনপি ও তার অঙ্গসংগঠন 'নিয়মতান্ত্রিক আন্দোলন' চালিয়ে যাবে। দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার বিকালে যুব দলের এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত বিএনপি ও তার অঙ্গসংগঠন 'নিয়মতান্ত্রিক আন্দোলন' চালিয়ে যাবে। দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শনিবার বিকালে যুব দলের এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন। খোন্দকার দেলোয়ার বলেন,''খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বৈধ বাড়ির লিজ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনগুলো নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে। আমরা কোনো হুমকি-ধামকিতে ভয় পাই না। এ রকম হুঙ্কার দিয়ে কোনো লাভ হবে না।'' জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশটি হয়। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির লিজ বাতিল করার প্রতিবাদে এ সমাবেশ হয়। যুব দলের পক্ষ থেকে এ সমাবেশে আগামী ১৩ এপ্রিল বিভাগীয় শহরে ও ১৫ এপ্রিল জেলা-উপজেলা-থানায় প্রতিবাদ সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়। বিএনপির দু'দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারাদেশে জেলা-উপজেলা-থানায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। গত বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয়ভাবে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। বুধবার মন্ত্রিসভা খালেদা জিয়ার নামে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের ৬ নং বাড়িটির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয়। সেনা অভ্যুত্থানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়াকে বাড়িটি প্রতীকী দামে ইজারা দেওয়া হয়েছিল। সরকার বলছে ওই ইজারা প্রক্রিয়া বিধিসম্মত হয়নি এবং একজনকে দু'টি বাড়ি ইজারা দেওয়াও আইনবিরোধী। খালেদা জিয়াকে গুলশানেও তার পছন্দমত আরেকটি বাড়ি দেওয়া হয়েছিল যেটাতে না থেকে তিনি ভাড়া দিয়ে দেন। বিএনপি মহাসচিব তাদের আন্দোলনের ব্যাপারে সরকারের মনোভাবের সমালোচনা করেন। তিনি বলেন, ''হুমকি দিয়ে কিছু হবে না। আইন তো আপনাদের হাতে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। এক্ষেত্রে আইনকে যদি অবৈধভাবে প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে সংঘাত হবে।'' তিনি খালেদা জিয়ার বাড়িটির লিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার মন্ত্রিসভার নেই মন্তব্য করে বলেন,''সরকারের মতলব ভিন্ন। তারা খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে রাজনীতি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করছে। শহীদ জিয়ার উত্তরসূরীকে এভাবে রাজনীতি থেকে বিদায় করা যাবে না।'' যুব দলের সভাপতি বরকত উল্লাহ বুলুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সভাপতি মিয়া মোহাম্মদ সেলিম,সাবেক ছাত্র নেতা হাবিব উন নবী খান সোহেল, ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৩০ঘ.