ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-লোভ-লালসার উর্ধ্বে উঠে সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে বিএনপি চেয়ারপার্সনের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম।
বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মান্নানের বৃহস্পতিবারের প্রেস ব্রিফিঙয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে শুক্রবার এক বিবৃতিতে সৈয়দ আশরাফ এ আহ্বান জানান।
আওয়ামী লীগের মুখপাত্র বলেন, "প্রধানমন্ত্রী কোনো সংকীর্ণ দৃষ্টিভঙ্গী বা প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মানবিক আবেদনটি জানাননি। তিনি আমাদের দরিদ্র দেশের সীমিত সম্পদের মধ্যেও যথাসাধ্য নিয়ে দুঃস্থ, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাড়াবার জন্যই বিরোধীদলীয় নেতাকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের উদাত্ত আহবান জানিয়েছেন।
"বিএনপি নেতারাই বরং তাদের দলীয় নেত্রীর মনোরঞ্জনের জন্য একটি মানবিক আবেদনের স্থূল ব্যাখ্যা দিয়ে জনমত বিভ্রান্ত করার অসুস্থ মানসিকতার পরিচয় দিয়েছেন।"
তিনি এই মানবিক প্রস্তাবকে রাজনীতিকীকরণের নামে মিথ্যাচার এবং বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা থেকে বিএনপি নেতাদের বিরত থাকারও আহ্বান জানান।
আশরাফ বলেন, একথা দেশবাসী ভালোভাবেই জানেন যে, বেগম জিয়া ও তার পরিবার গত তিন দশকে বিস্ময়করভবে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। প্রধানমন্ত্রী থাকাকালে অবৈধভাবে অর্জিত কোটি টাকার উপর কালো টাকা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাদা করেছেন।
তিনি বলেন, তার দু'পুত্র কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতির দায়ে দেশে বিদেশে মামলার সম্মুখীন হয়েছেন। বেগম জিয়া ও তার দুই ছেলে এখন যে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন তার পরপ্রেক্ষিতেই খালেদা জিয়ার উচিত ছিল সেনানিবাসের বাড়িটিসহ জনগণের সম্পত্তি জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২০৫০ঘ.
bdnews24