২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার বিজয় ছিনিয়ে নিতে চাইছে আ. লীগ: হান্নান শাহ

আওয়ামী লীগ বগুড়ার উপনির্বাচনে বিএনপির নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আ স ম হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 12:03 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ বগুড়ার উপনির্বাচনে বিএনপির নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আ স ম হান্নান শাহ। হান্নান শাহ ভোটারদের ভীতি প্রদর্শন ও ভোট কেনার অভিযোগ তোলেন সরকারি দলের বিরুদ্ধে। বৃহস্পতিবার অনুষ্ঠেয় বগুড়া-৬ ও ৭ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা শেষ করে বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, ''সরকারি দলের সন্ত্রাসীরা বগুড়ার ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। ভোট কিনতে অর্থ ও শাড়ি-লুঙ্গি বিতরণ করছে তারা। বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে তারা আমাদের নিশ্চিত বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।'' ঢাকার ডিওএইচএস এর বাসায় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করার সময় উপনির্বাচনে বগুড়া-৬ আসনের প্রার্থী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও বগুড়া-৭ আসনে প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদের অবস্থাও তুলে ধরেন হান্নান শাহ। তিনি বলেন, ''বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত শহীদ জিয়ার এ জন্মভূমির ভোটাররা বিএনপিকে বিজয়ী করবে। আমাদের প্রার্থীর অবস্থা ভাল। কিন্তু আওয়ামী লীগ নানা ঘটনা ঘটিয়ে দলীয় কর্মী ও ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে।'' এ ব্যাপারে নির্বাচন কমিশনে করা দলের অভিযোগের কথা উল্লেখ করে খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা বলেন, "যারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে নির্বাচন কমিশনের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।" নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের জন্য কমিশনের পর্যবেক্ষণ বাড়ানো উচিত বলে মত দেন তিনি। এক প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, উপনির্বাচনে সরকারি দল যেভাবে কর্মকাণ্ড চালাচ্ছে তাতে সুষ্ঠু নির্বাচন হবে কি-না তা নিয়ে ভোটারদের মধ্যেও সংশয় রয়েছে। নির্বাচন কমিশনের কাছে ইতোমধ্যে তারা সরকারি দলের 'আচরণবিধি লঙ্ঘনের' বিষয়টি জানিয়েছেন উল্লেখ করে হান্নান শাহ বলেন, "ভোটারদের প্রলুব্ধ করতে তারা শাড়ি, লুঙ্গি ও টাকা দিচ্ছে। এটা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন।'' স্থানীয় পর্যায়ে এসব অভিযোগ জানানোর পরও এ ব্যাপারে কর্তৃপক্ষের পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন বিএনপি নেতা। ২৯ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়ার এই দুটো ও ফেনীর একটি আসনে বিজয়ী হন। সাংসদ হিসেবে শপথ নেওয়ার আগে ফেনীর আসনটি রেখে বগুড়ার আসন দুটি ছেড়ে দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসকে/১৮০৩ঘ.