২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসন সমস্যা না কাটলে সংসদে যোগ দেওয়া কঠিন হবে: দেলোয়ার

সংসদে আসন পুনর্বিন্যাস সমস্যার সমাধান না হলে বিরোধী দলের সংসদে যোগ দেওয়া 'কঠিন' হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন । সোমবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,''আমরা সংসদে যেতে চাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 10:22 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে আসন পুনর্বিন্যাস সমস্যার সমাধান না হলে বিরোধী দলের সংসদে যোগ দেওয়া 'কঠিন' হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন । সোমবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,''আমরা সংসদে যেতে চাই। তবে সরকারি দল আসন বিন্যাস নিয়ে সমস্যার সমাধান না করলে বিরোধী দলের পক্ষে সংসদে যোগ দেওয়া কঠিন হয়ে পড়বে। বিরোধী দলকে সংসদে নেওয়ার দায়িত্ব সরকারি দলের ওপরই বর্তায়।'' বিএনপি মহাসচিব সোমবার দুপুরে দলের সদ্য কারামুক্ত সহ-সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার সঙ্গে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অর্পণ করার সময় সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান, ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলালসহ দোহার বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শ' নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নাজমূল হুদা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে রোববার রাতে জামিনে মুক্তি পান। এক প্রশ্নের জবাবে দেলোয়ার অভিযোগ করেন, ''সরকারি দল সংসদকে কার্যকর করার কথা বললেও তারা চায় না সংসদে বিরোধী দল থাকুক। এজন্য আসন পুনর্বিন্যাস করে তারা সমস্যার সৃষ্টি করেছে। তাদের কথা ও কাজে মিল নেই। এ অবস্থায় কিভাবে সংসদ সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে?'' সংসদে যোগ দেওয়ার বিষয়ে নিজের দলের আগ্রহের কথা প্রকাশ করে সাবেক প্রধান হুইপ বলেন, ''আমরা সংসদে গিয়ে দেশের মানুষের কথা বলতে চাই। সংসদ কার্যকর করতে ভূমিকা রাখতে চাই। সরকারকে সহযোগিতা করতে চাই। কিন্তু সংসদের প্রথম অধিবেশনেই আসন পুনর্বিন্যাসের মাধ্যমে সরকারি দল বিরূপ আচরণ করেছে। এ অবস্থায় আমাদেরও অন্যভাবে ভাবতে হবে।'' আসন পুনর্বিন্যাস নিয়ে সমস্যার সমাধান সরকারি দলের ওপরই নির্ভর করছে বলে মত দেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে টিফা চুক্তি ( ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) ও ভারতের সঙ্গে ট্র্যানজিট চুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, ''দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করা হলে আমরা তার প্রতিবাদ করবো।" সরকার দেশের স্বার্থবিরোধী টিফা ও ট্রানজিট চুক্তি করার জন্য 'উদগ্রীব হয়ে আছে' মন্তব্য করে তিনি বলেন, "এরকম কিছু হলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করবো।" সদ্যকারামুক্ত সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলাগুলোকে 'হয়রানিমূলক ও মিথ্যা' বলে অভিহিত করেন। দুর্নীতি দমন কমিশন দুর্নীতি নির্মূলের নামে নিজেরাই দুর্নীতিবাজ হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/এসকে/১৬২১ঘ.