ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য মনে করছে জাতিসংঘ।
শুক্রবার সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রী এবং ভাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর জাতিসংঘ মহাসচিবের একটি বিশেষ প্রতিনিধি দল নির্বাচনের বিষয়ে তাদের এ মতামত সাংবাদিকদের জানায়।
২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভ করে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে বলে দেশি-বিদেশি প্রায় সব পর্যবেক্ষক সংগঠনই জানায়।
তবে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্বাচনের ফলাফল অগ্রহণযোগ্য। নির্বাচনে কারচুপি হয়েছে বলেও অভিযোগ দলটির।
হাসিনার সঙ্গে বৈঠকের পর জাতিসংঘ প্রতিনিধি দলের প্রধান ফ্রান্সিস ভেনড্রেল সাংবাদিকদের বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়েছে।
একইসঙ্গে তিনি বলেন, "আমরা নির্বাচন পর্যবেক্ষণ করিনি। পর্যবেক্ষণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোই আমাদের এ কথা জানিয়েছে।"
ভেনড্রেল বলেন, "সার্বিক পরিস্থিতিতে আমরা সন্তুষ্ট। আমরা আশা করব, উস্কানিমূলক কোনও পরিস্থিতি তৈরি হবে না। সংসদ বসবে এবং দ্রুততম সময়ে একটি সরকার গঠন করা হবে।"
যুদ্ধাপরাধীদের বিচারে জাতিসংঘের সহায়তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভেনড্রেল বলেন, "যদি নতুন সরকার এ বিষয়ে আমাদের সহায়তা চায়, তবে বিষয়টি আমরাও দেখব।"
বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ইয়ান মার্টিন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেলে তিনি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতা চান।
আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে বৈঠকে ফ্রান্সিস ভেনড্রেলের সঙ্গে ছিলেন নেপালের প্রধান নির্বাচন কমিশনার ভোজরাজ পোখরাল, জাতিসংঘ নির্বাচনী সহায়তা বিভাগের উপপরিচালক আরাসেলি সান্তানা।
গত নভেম্বরে বাংলাদেশ সফরের সময় জাতিসংঘ মহাসচিব বান কি মুন নির্বাচনের সময় সংস্থার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর প্রতিশ্র"তি দেন। সে অনুযায়ী জাতিসংঘের এই প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৬২০ ঘ.