Published : 11 Jun 2026, 10:19 PM
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন-বিনিয়োগ-ব্যবসাবান্ধব একটি ‘সৃজনশীল বাজেট’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে নিজের চেম্বারে বাজেটের ওপর প্রতিক্রিয়া দিতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “সব শ্রেণির মানুষের কল্যাণের কথা চিন্তা করে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এটা একটা ক্রিয়েটিভ (সৃজনশীল) বাজেট।
“এ বাজেটটা মূলত হচ্ছে, উৎপাদনবান্ধব, বিনিয়োগবান্ধব এবং ব্যবসাবান্ধব। এই ধরনের বাজেট আমরা আগে কখনো দেখিনি। যে ছাড়গুলো দেওয়া হয়েছে, যে রেয়াত দিয়ে দেওয়া হয়েছে আমরা আগে কখনো এত ছাড় দেখতে পাইনি।”
শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বরাদ্দের প্রসঙ্গ তুলে বিএনপি মহাসচিব দাবি করেন, এর ফলে অর্থনীতি অত্যন্ত দ্রুততার সঙ্গে সচল হবে। খুব দ্রুত বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।
গত ১৭ বছরে দেশের অর্থনীতি ‘ভঙ্গুর অবস্থার’ কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “ফ্যাসিস্ট সরকারের পরে মাঝখানে অন্তবর্তীকালীন সরকার ঠিক সেভাবে দেশকে ট্র্যাকের মধ্যে ফিরিয়ে নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। ফলে একটা ভঙ্গুর অর্থনীতি, অগোছাল প্রশাসন এবং অর্থনীতির চরম দুরাবস্থার মধ্যে দিয়ে বিএনপি সরকার গঠন করেছে।
“সেই ধারাবাহিকতায় অর্থমন্ত্রী আমির খসরু বাজেট পেশ করেছেন। এই বাজেটটাতে প্রতিফলিত হয়েছে যে, সরকার দেশের অর্থনীতিকে পুনর্বাসন করতে এবং গতি ফিরিয়ে আনতে কতটা আন্তরিক।”
বাজেটে মূল্যস্ফীতি রোধে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে মির্জা ফখরুল দাবি করেন, “উৎপাদন বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি এমনিতেই কমে আসবে।”