২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ডিজিটাল কারচুপির' অভিযোগ করলো বিএনপি

আওয়ামী লীগ 'ডিজিটাল কারচুপির' মাধ্যমে বিএনপির ভোট ছিনতাই করেছে বলে অভিযোগ করেছেন দলটির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। দৃশ্যত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বর্ণিত আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার অনুকরণ করেই তাদের বিরুদ্ধে এ অভিযোগ তুললো বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ 'ডিজিটাল কারচুপির' মাধ্যমে বিএনপির ভোট ছিনতাই করেছে বলে অভিযোগ করেছেন দলটির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। দৃশ্যত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বর্ণিত আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার অনুকরণ করেই তাদের বিরুদ্ধে এ অভিযোগ তুললো বিএনপি। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী আহমেদ এ কথা বলেন। রিজভী অভিযোগ করেন, "নির্বাচনের পর আমাদের দলীয় কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তাদের এলাকাছাড়া করা হচ্ছে। রাজধানীর কোতয়ালী থানা বিএনপির কার্যালয় দখলসহ নেতা-কর্মীদের ওপর হামলা, তাদের দোকানপাট দখল করছে আওয়ামী লীগ। এসব কার্যক্রমে আওয়ামী লীগের বাকশালী প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে।" ময়মনসিংহের গফরগাঁও ও মুক্তাগাছা, নরসিংদীর পলাশ, কুড়িগ্রাম, নোয়াখালীর সেনবাগ, টাঙ্গাইলের গোপালপুর, পাবনা, চট্টগ্রামের সীতাকুণ্ড, ব্রাহ্মণবাড়িয়ার কসবাসহ বিভিন্ন স্থানে ভোটের দিন এবং ভোটের পরে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের হাতে বিএনপি নেতা-কর্মীরা লাঞ্ছিত ও নির্যাতিত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, "আওয়ামী লীগ নেত্রী একদিকে বলছেন তারা প্রতিহিংসার রাজনীতি করবেন না, অন্যদিকে আমাদের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। অনেক কর্মী জখম হয়েছে বিভিন্ন জায়গায়। প্রত্যন্ত অঞ্চলে আমাদের কর্মীদের এলাকা ছেড়ে যেতে হুমকি দেওয়া হচ্ছে। মুন্সীগঞ্জে বিএনপির কর্মীদের মালিকানাধীন বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব কীসের আলামত তা দেশবাসীকে জানাতে আমরা নিয়মিত ব্রিফিং করব।" নির্বাচনে প্রদত্ত ভোটের হার নিয়ে দপ্তর সম্পাদক বলেন, "এটা অবিশ্বাস্য।" তিনি একটি হিসাব দিয়ে দাবি করেন, কোনও আসনে যদি ৯০ শতাংশ ভোট পড়ে, তাহলে একজন ভোটারের ভোট দিতে গড়ে সময় লাগবে গড়ে ৫৫ সেকেণ্ড। একটি গাণিতিক বিশ্লেষণও সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন এ বিএনপি নেতা। নির্বাচন কমিশন বলেছে নির্বাচনে ৮৭ শতাংশের সামান্য বেশি ভোট পড়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন সামান্য ব্যতিক্রম বাদে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মত দিলেও বিএনপি তা অস্বীকার করে প্রতিটি আসনেই কারচুপি হয়েছে বলে দাবি করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন এলাকায় বিএনপির পরাজিত প্রার্থীরা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ভোট কারচুপি ও নির্যাতনের কথিত তথ্য প্রমাণ উপস্থাপন করেন। ব্রিফিংয়ে সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী এম ইলিয়াস আলী ধানের শীষ প্রতীকে সিল দেওয়া তিনটি ব্যালট পেপার সাংবাদিকদের কাছে উপস্থাপন করে অভিযোগ করেন, "আমার এলাকার রামপাশা ইউনিয়নের দোহাল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই তিনটি ব্যালট পেপার আমি কুড়িয়ে পেয়েছি।" কেন্দ্রের পেছনে অসংখ্য ব্যালট পেপার ছেঁড়া এবং পরিত্যক্ত অবস্থায় দেখার দাবি করে তিনি বলেন, "এইভাবে ধানের শীষের ব্যালট পেপার নষ্ট করে আমাকে হারানো হয়েছে।" ইলিয়াস আরও দু'টি কেন্দ্রে ব্যালট কারচুপির অভিযোগ আনেন। সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী শফি আহম্মেদ চৌধুরী, কিশোরগঞ্জ-কুলিয়ারচর আসনের প্রার্থী শরীফুল আলমও আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের নির্বাচনী এলাকায় বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্বাচন-পরবর্তী হামলার অভিযোগ করেন। তারা দুজনেই অভিযোগ করেছেন, তাদের এলাকার প্রিজাইডিং কর্মকর্তা সরাসরি ভোট কারচুপির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় পুলিশ প্রশাসন আওয়ামী লীগের প্রার্থীকে 'প্রোটেকশন' দিয়েছে। নোয়াখালীর সেনবাগে বিএনপির বিজয়ী প্রার্থী জয়নাল আবেদীন ফারুক অভিযোগ করেন, গাজীপুর যুবলীগের সহ-সভাপতি রিয়াজ গাজীপুরের ভবানীপুরে তার সোয়েটার ফ্যাক্টরির মহা ব্যবস্থাপকেব কাছে টেলিফোনে চাঁদা দাবি করেছে। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন কক্সবাজার আসনে বিএনপির নির্বাচিত প্রার্থী হাসিনা আহম্মেদকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জেকে/এসকে/২২৫৯ঘ.