২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্ত সিলেট মেয়র কামরান

সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বৃহস্পতিবার দুপুরে সিলেট কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জেলার মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। সিলেট থেকে মুক্তাদির আহমেদ জানাচ্ছেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

সিলেট, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বৃহস্পতিবার দুপুরে সিলেট কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জেলার মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। সিলেট থেকে মুক্তাদির আহমেদ জানাচ্ছেন কামরানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার মধ্যে দুটিতে জামিন দেওয়া হয়েছে। দুটি মামলা স্থগিত। কারাগার থেকে বেরিয়ে জণগনের উদ্দেশে সাংবাদিকদের সামনে তিনি বলেন, "আমি অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম। এখনও রয়েছি। কোনো কিছুই জণগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। সিলেট সিটি করপোরেশনকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করব। আমি এখন অসুস্থ। আর বেশি কিছু বলতে পারছি না।" এর আগে বুধবার বিকেলে মেয়র কামরানের জামিনসংক্রান্ত কাগজপত্র উচ্চ আদালত থেকে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালেও যাচাই-বাছাইয়ে দেরি হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়নি। মেয়র কামরানের মুক্তি পাওয়ার খবরে বৃহস্পতিবার সকাল থেকে কারা ফটকে সংবাদকর্মী ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভিড় ছিল। কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক একেএম ফজলুল হক জানান, "মেয়র কামরানের জামিনের কাগজপত্র বুধবার বিকেলে আমাদের কাছে আসে। যাচাই-বাছাই শেষে আজ (বৃহস্পতিবার) তাকে মুক্তি দেওয়া হয়।" সিলেট মহানগরীর কিচেন মার্কেট অবৈধভাবে বন্দোবস্ত দেওয়ার অভিযোগ গত বছরের ৫ এপ্রিল আদালত কামরানসহ ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে। ৮ মে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে তিনি কুমিল্লা জেল থেকে ছাড়া পান। এর পর ওই বছরের ২৯ মে সিলেট নগরীর গুলশান হোটেল থেকে তাকে আবার গ্রেপ্তার করে যৌথবাহিনী। ওইদিন রাতেই মেয়রের ছড়ারপাড়ার বাসায় অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকার সঞ্চয়পত্র, নগদ এক লাখ টাকা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে সিলেট কোতয়ালী থানায় মামলা হয়। অবৈধ উপায়ে ২ কোটি ১৬ লাখ ১৭ হাজার ৮২২ দশমিক ২ টাকার সম্পত্তি সম্পত্তি অর্জনের অভিযোগে দুদক এ বছরের ৭ ফেব্র"য়ারি সিলেট কোতোয়ালি থানায় মেয়র কামরান ও তার স্ত্রী আসমা কামরানের বিরুদ্ধে মামলা করে। ৩১ জুলাই এ মামলায় কামরান ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। গত ৪ আগস্ট চার সিটি করপোরেশন ও নয় পৌরসভা নির্বাচনে কারাগারে বন্দিবস্থায় আওয়ামী লীগের প্রার্থী কামরান দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে সিলেটের মেয়র নির্বাচিত হন। মা নুরুন্নেসা খানম লালন (৮০) মারা যাওয়ায় গত ১৮ আগস্ট সকালে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। রক্তচাপ বেড়ে যাওয়ায় ওইদিন রাতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তাকে হাসপাতাল থেকে সিলেট কারাগারে নিয়ে যাওয়া হয়। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে চার সিটি করপোরেশন ও নয় পৌরসভার নির্বাচিত মেয়রদের শপথ করাবেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এফএফ/জিএনএ/১৪১৮ ঘ.