ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা সাব্বির হত্যা ধামাচাপা মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তার কারণ জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মোঃ ইমদাদুল হক আজাদের বেঞ্চ এই আদেশ দিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব চেয়েছেন।
গত ৮ মে সিআইডি রমনা থানায় বাবরসহ অন্যদের বিরুদ্ধে বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলা ধামাচাপা দেয়ার জন্য ২১ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে মামলাটি দায়ের করে।
গত বছরের ৪ অক্টোবর রমনা থানায় লুৎফুজ্জামান বাবর, শাহ আলমসহ ৬ জনের বিরুদ্ধে ২১ কোটি টাকা ঘুষের আরেকটি মামলাটি দায়ের করেছিলেন দুদকের উপ সহকারি পরিচালক মোঃ আবুল কাশেম।
মামলাটি বাতিল ও এ মামলায় জামিন আবেদনের ওপর শুনানিতে আইনজীবী আবদুল মালেক বলেন, একই অভিযোগে ইতোপূর্বে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া এ ঘটনায় একটি হত্যা মামলাও রয়েছে। তাই একই ঘটনা নিয়ে একাধিক মামলা চলতে পারে না।
৪ অক্টোবরের মামলায় গত ৬ মে তারেক রহমান, বাবরসহ আট জনের বিরুদ্ধে ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগ পত্র দায়ের করে দুর্নীতি দমন কমিশন।
২০০৬ সালের ৪ জুলাই রাতে বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বিরকে নৃশংসভাবে হত্যা করা হয়।
এই ঘটনায় গুলশান থানায় ওই বছরের ৭ জুলাই হত্যা মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/২০২৬ ঘ.
bdnews24