ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের কোনো প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে ওই অভিযোগে দায়ের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেবে কমিশনের তদন্ত কর্মকর্তা।
একই কারণে আরো দুটি মামলায় আদালতে দাখিলের জন্য চূড়ান্ত প্রতিবেদন অনুমোদন করেছে কমিশন।
বৃহস্পতিবার কমিশনের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের ২৫ ফেব্র"য়ারি দুলুসহ কয়েকজনের বিরুদ্ধে লালমনিরহাট থানায় দায়ের করা ত্রানের টিন আত্মসাতের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা এ কে এম তৈফিকুর রহমানের বিরুদ্ধে ঘুষের মামলায় কমিশন আদালতে অভিযোগপত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মহাপরিচালক জানান।
এক প্রশ্নের জবাবে হানিফ ইকবাল জানান, এ পর্যন্ত মোট ৩৫৭ জনের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দিয়েছে কমিশন। তাদের মধ্যে তিন'শ ছয় জন তাদের সম্পত্তির হিসাব বিবরণী জমা দিয়েছেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/পিসি/জেকে/এমএইচবি/২০৪৬ ঘ.
bdnews24