ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
শনিবার বিকালে সংসদ ভবনে বিশেষ কারাগারে দুদকের উপ পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল হক খালেদা জিয়াকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে খালেদা কয়লা খনি দুর্নীতিতে তার জড়িত থাকার কথা অস্বীকার করেছেন বলে তার আইনজীবী জানিয়েছেন।
বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিশেষ কারাগারে দুদক কর্মকর্তা খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তার দুই আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
বিশেষ কারাগার থেকে বেরিয়ে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, "সাবেক প্রধানমন্ত্রী তদন্তকারী কর্মকর্তাকে বলেছেন, মামলাটি হয়রানিমূলক। তিনি সরকারের রুলস অব বিজনেস অনুযায়ী কাজ করেছেন। এভাবে মামলা করা হলে কোনো সরকারই কাজ করতে পারবে না। উন্নয়ন স্থবির হয়ে যাবে।"
খালেদার অপর আইনজীবী শিমুল বিশ্বাস বলেন, "গ্যাটকো ও নাইকো মামলার বিষয়েও তার (খালেদা) সঙ্গে আলাপ হয়েছে। তিনি জানিয়েছেন, এসব মামলাগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা।"
তিনি আরও জানান, খালেদা জিয়া সুস্থ আছেন। তার মনোবল দৃঢ়; তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গত ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শামসুল আলম শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
এতে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কাজ একটি চীনা প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়।
এ মামলায় খালেদা জিয়া, সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, মতিউর রহমান নিজামী, এম শামসুল ইসলাম, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ১৬ জনকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এএল/এমএ/১৯১৬ ঘ.
bdnews24