মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নির্বাচনী প্রচার চালাতে মঙ্গলবার তিন দিনের জন্য সুধা সদন ছেড়েছেন শেখ হাসিনা।
বেলা ১১টার পরপরই সুধাসদন ছেড়ে যায় আওয়ামী লীগ সভানেত্রীর গাড়িবহর। শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে আজমিন সিদ্দিক রূপন্তীও রয়েছেন।
পথে শ্যামপুরের বালুরমাঠে এক জনসভায় ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী সানজিদা খানমের পক্ষে ভোট চান শেখ হাসিনা। ওই জনসভায় শেখ রেহানার মেয়ে রূপন্তী আওয়ামী লীগের প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তৃতা করেন।
এরপর দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে আরেকটি জনসভায় বক্তৃতা করেন হাসিনা।
তিনি বলেন, "বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে নৌকা। আগামী নির্বাচনে আমরা জয়ী হলে মানুষের অর্থনৈতিক মুক্তি এনে দেব।"
হাসিনা বলেন, "একাত্তরে যুদ্ধ করে আপনারা যেভাবে বিজয় এনে দিয়েছিলেন, সেভাবে ২৯ ডিসেম্বর ভোটযুদ্ধের মাধ্যমে দেশের জন্য আরেকটি বিজয় ছিনিয়ে আনবেন।"
রূপন্তী এই জনসভায়ও বক্তব্য রাখেন। মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী সুকুমার রঞ্জন ঘোষের জন্য ভোট চান তিনি।
শেখ রেহানা এবং তার দুই মেয়ে এই সপ্তাহেই যুক্তরাজ্য থেকে দেশে আসেন।
মঙ্গলবার মুন্সিগঞ্জের মাওয়া, বালিগঞ্জ, কাওড়াকান্দি পুরোনো ফেরিঘাট এবং ফরিদপুরের ভাঙ্গায় কয়েকটি জনসভা করবেন আওয়ামী লীগ সভানেত্রী।
রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে তার থাকার কথা। গোপালগঞ্জের ওই আসন থেকেও হাসিনা সাংসদ প্রার্থী হয়েছেন।
বুধবার কোটালীপাড়া কলেজে মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সূচি রয়েছে তার। গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন ছাড়াও রংপুর ও বাগেরহাটের দুটি আসনে প্রার্থী হয়েছেন হাসিনা।
বৃহস্পতিবার ঢাকা ফেরার আগে বাগেরহাট ও খুলনায় কয়েকটি জনসভায় ভাষণ দেওয়ার কথা আওয়ামী লীগ সভানেত্রীর।
শেখ হাসিনার সফরের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত দুই দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচার চালান।
আওয়ামী লীগ প্রধান ও মহাজোট নেত্রী হাসিনা সোমবার রাজধানীতে কয়েকটি জনসভায় বক্তৃতা করার মাধ্যমে নির্বাচনী প্রচারে নামেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24