২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৬ আসনে ১২৬ জনের মনোনয়নপত্র জমা

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কার্যালয়ের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 04:11 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কার্যালয়ের কর্মকর্তারা। সন্দ্বীপ আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগের সাবেক সাংসদ মোস্তাফিজুর রহমানের ছেলে মাহফুজুর রহমান মিতা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম মঞ্জুসহ বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থী রোববার মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কার্যালয়ের সমন্বয়কারী ও অতিরিক্ত জেলা প্রশাসক এহসান এ এলাহী জানান, বিভাগীয় কমিশনার কার্যালয়ে নগরীর চারটিসহ ছয়টি আসনের বিপরীতে সবমিলিয়ে ৫৬ জন এবং অন্য ১০টিতে ৭০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বিএনপির সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান (চট্টগ্রাম- ৯, ডবলমুরিং), আমীর খসরু মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম-১০, বন্দর-পতেঙ্গা), সদ্য বিএনপিতে যোগ দেওয়া শামসুল আলম (চট্টগ্রাম- ৮ কোতোয়ালি), এরশাদ উল্ল্যাহ (চট্টগ্রাম- ৭, চান্দগাও-বোয়ালখালী), আসলাম চৌধুরী (চট্টগ্রাম- ৩, সীতাকুণ্ড), এস এম ফজলুল হক ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম (চট্টগ্রাম- ৪, হাটহাজারী) রোববার বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া, চট্টগ্রাম- ১০ (বন্দর পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ লতিফ মনোনয়নপত্র জমা দেন। এ আসনে আওয়ামী লীগের আরেক প্রার্থী খোরশেদুল আলম সুজন ২৩ নভেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মনজুর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে রোববার বিকেলে চট্টগ্রাম- ৯ (ডবলমুরিং) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে, বিএনপির সাবেক সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী দুটি আসনে (চট্টগ্রাম- ২, ফটিকছড়ি ও চট্টগ্রাম-৬, রাঙ্গুনীয়া), সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম- ১৫, বাঁশখালী) ও জামায়াতের শামসুল ইসলাম (চট্টগ্রাম- ১৪, সাতকানিয়া-লোহাগড়া) জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। বিএনপির অন্য আসনের প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী (চট্টগ্রাম- ১, মীরসরাই), সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (চট্টগ্রাম- ৬, রাউজান), সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েল (চট্টগ্রাম- ১১, পটিয়া), সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম- ১২, আনোয়ারা), অ্যাড. নিজামুল হক চৌধুরী (চট্টগ্রাম- ১৩, চন্দনাইশ) এবং সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা (চট্টগ্রাম- ১৬, সন্দ্বীপ) নিজ নিজ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম- ১৩ চন্দনাইশ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন আহমেদ এবং সন্দ্বীপ আসনে মনোনয়ন না পাওয়া মাহফুজুর রহমান মিতা স্বতন্ত্র হিসাবে জেলা প্রশাসক কার্যালয়ে রোববার মনোনয়নপত্র জমা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/এসকে/২২০৬ঘ.