ঝিনাইদহ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচনের ব্যাপারে বিদেশীদের কোনো নির্দেশনা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।
তিনি বলেন, "বাইরের নির্দেশে নয় আমাদের দেশের জনগণই ঠিক করবে কিভাবে নির্বাচন পরিচালিত হবে।"
শুক্রবার ঝিনাইদহ পৌর মিলনায়তনে এক দলীয় কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তি কর্তৃক আমাদের অভন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
মুজাহিদ বলেন, "২০০৭ সালের ২২ জানুয়ারি সংবিধান অনুযায়ী নির্বাচন হলে দেশের এ অবস্থা হতো না।"
বিজয়ের নিশ্চয়তা না পেয়ে আওয়ামী লীগ ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন বয়কট করে বলে মনে করেন তিনি।
গত ১৫ বছর সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারগুলো দেশকে এগিয়ে নিয়েছিল উল্লেখ করে মুজাহিদ বলেন, "বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সবচে ব্যার্থ সরকার। এ সরকারের আমলে দেশ পিছেয়ে গেছে।"
সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানান।
তিনি বলেন, "মিথ্যা মামলায় রাজনৈতিক নেতাদের হয়রানি বন্ধ করতে হবে। সংসদ নির্বাচনের পাঁচদিন পর উপজেলা নির্বাচন করা যাবে না।"
ঝিনাইদহ সদর উপজেলা জামায়াত আমির এম আশরাফুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- জামায়াতের যুগ্ম সেক্রেটারি জেনোরেল আব্দুল কাদের মোল্লা, নুর মোহাম্মদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৮ ঘ.
bdnews24