ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশনে নিবন্ধন করতে গঠনতন্ত্র সংশোধনের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুলতবি সভা সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজকের (সোমবার) সভায় গঠনতন্ত্র সংশোধনীর প্রস্তাব অনুমোদন হতে পারে।"
বৈঠকে উপস্থিত আছেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।
এর আগে গত শনিবার কার্যনির্বাহী সংসদের সভা হয়। পৌণে চার ঘণ্টা বৈঠকের পর সভা সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।
শনিবার বৈঠক শেষে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, কার্যনির্বাহী সংসদ সব সহযোগী সংগঠন ও বৈদেশিক শাখা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন আইনের দু'টি ধারা বাতিল করে আগের সংসদীয় আসন সীমানা অনুযায়ীই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে।
তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে নিন্ধনের জন্য দলের গঠণতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনী আনতে কার্যনির্বাহী সংসদের সভায় একটি কমিটি করে দেয়া হয়েছে। এই কমিটির প্রধান হিসেবে রয়েছেন তোফায়েল আহমেদ। এছাড়া দলের সভাপতিমণ্ডলীর সব সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন তৌফিক ইমাম, আবুল মাল আব্দুল মুহিত ও কেন্দ্রীয় ছয় নেতা এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে হলে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধন পেতে হলে কোনও অঙ্গ বা সহযোগী সংগঠন থাকা চলবে না। এ বিধান মেনে সহযোগী সংগঠনগুলোকে বাদ দেয়া হবে কি না- তা নিয়ে গত এক সপ্তাহের বেশি সময় ধরে আওয়ামী লীগে জোর বিতর্ক চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএআর/জিএনএ/১১৫২ ঘ.
bdnews24