ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয়ের মাস ডিসেম্বরে ভরাডুবির আশঙ্কায় জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এ দলটিকে সংবিধান অগ্রাহ্য করে নিবন্ধন দিলে আইনের আশ্রয় নেওয়ার পাশাপাশি আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।
রোববার নির্মূল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সভায় জামায়াতকে নিবন্ধন দিলে আইনের আশ্রয় নেওয়াসহ আন্দোলনের কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরীর বাসায় ওই সভা হয়।
বিজ্ঞপ্তিতে বক্তাদের উদ্ধৃত করে বলা হয়, জামায়াত জানে বিজয়ের মাস ডিসেম্বরে নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। তাই তারা নির্বাচন বানচালের জন্য বহুমাত্রিক তৎপরতা চালাচ্ছে। নির্বাচন কমিশনকে হুমকি দিয়ে, বিভিন্ন অজুহাত তুলে তারা রাজনৈতিক পরিস্থিতি জটিল করে তুলেছে।
সভায় সংখ্যালঘুসহ সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী নির্বাচনে যে আন্তর্জাতিক পর্যবেক্ষণ দলগুলো আসবে তাদের স্মারকপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী ১৬ অক্টোবর ঢাকায় জাতিসংঘ, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক দপ্তরসহ সব দূতাবাস ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ওই স্মারকপত্র দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন- ঘাতক-দালাল নির্মূল কমিটির সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, সালমা হক, ফেরদৌসী প্রিয়ভাষিণী, মমতাজ লতিফ, অ্যারমা দত্ত, শিরিন বানু মিতিল, শামসুল আরেফিন, কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল প্রমুখ।
একই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে প্রামাণ্য চিত্র 'যুদ্ধাপরাধ ৭১' এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে শাহরিয়ার কবির রোববারই লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এক মাস তার বাইরে থাকা অবস্থায় মুনতাসির মামুন নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
আগামী ১৬ অক্টোবর লন্ডনে এবং ১৮ অক্টোবর নিউ ইয়র্কে ওই প্রামাণ্য চিত্রের প্রদর্শনী হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/জিএনএ/১৯৫৯ ঘ.
bdnews24