টাঙ্গাইল, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন নতুন এ দলের সমন্বয়ক ফেরদৌস আহমদ কোরেশী।
শনিবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবরে পুষ্পমাল্য অপর্ণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফেরদৌস কোরেশী দাবি করেন, সরকারের দুর্নীতি বিরোধী অভিযানসহ সার্বিক কর্মকাণ্ডের ওপর দেশের ৯৯ ভাগ মানুষের সমর্থন রয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন হবে আশা প্রকাশ করে কোরেশী বলেন, "আমাদের দল ওই নির্বাচনে অংশ নেবে। আমরা দেশে একটি শান্তি প্রিয় রাজনৈতিক দল গঠনের কাজ এগিয়ে নিচ্ছি।"
তিনি বলেন, "আমরা জাতীয় ছয় নেতাকে সম্মান দিতে চাই। সে জন্য শেরে বাংলা এ কে ফজলুল হকের কবরে ফুল দিয়েছি। আজ (শনিবার) মজলুম জননেতা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসেছি। পর্যায়ক্রমে অপর নেতাদের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানাব। আমরা বিভেদের রাজনীতি থেকে মুক্ত হতে চাই।"
সন্তোষে পৌঁছলে ছাত্রদলের সাবেক নেতা আনোয়ারুল ইসলাম রতনের নেতৃত্বে এক দল নেতা-কর্মী কোরেশীকে ভাসানীর মাজারে নিয়ে আসে। পুষ্পস্তবক অর্পণের সময়ে অন্যদের মধ্যে সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ খান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রফিকুল ইসলাম, অ্যাডভোকেট ফজলুর রহমান, মাওলানা সাখাওয়াত হোসেন, আনোয়ারুল হক, জয়নাল আবেদীন জুয়েল, খালেকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুস সালাম চাকলাদার, জেলা বিএনপির সহ সভাপতি ও ভুয়াপুর পৌর চেয়ারম্যান আবদুল খালেক মণ্ডল ওই সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এসএম/এমআই/১৬২১ ঘ.
bdnews24