ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের দায়ের করা লিভ টু আপিল আবেদনের ওপর ২০ তম দিনের মতো শুনানি সুপ্রিমকোর্টে অব্যাহত রয়েছে।
সোমবার বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের তিন বিচারপতির বিশেষ বেঞ্চে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি আনিসুল হক শুনানিতে অংশ নেন।
তিনি শুনানিতে বলেন, হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি তার এখতিয়ারে ও আইন অনুযায়ী এ মামলার নিষ্পত্তি করেছেন। এ মামলার ৬ আসামীর বিষয়টি শুনে ৯ জনের বিষয়টি না শুনে কোন বেআইনী কাজ করেননি।
হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিচারপতি এবিএম খায়রুল হক ৯ জনের ব্যাপারে ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির সঙ্গে ঐক্যমত পোষণ করেছিলেন। তাই ওই ৯ জনের বিষয়ে শুনানির এখতিয়ার হাইকোর্টের তৃতীয় বিচারপতির ছিল না।
আনিসুল হক শুনানিতে আরও বলেন, আইন অনুযায়ী এ মামলার আসামীদের ফৌজদারি আদালতে সঠিকভাবেই বিচার করা হয়েছে।
সেনাবিদ্রোহ বিষয়ে আসামীপক্ষের যুক্তির প্রেক্ষিতে মঙ্গলবার আনিসুল হক আদালতে তার জবাব তুলে ধরবেন বলে সাংবাদিকদের জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/্এমএ/১৫২০ঘ.
bdnews24