ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দুই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি রোববার। ঢাকার বিশেষ কারাগারে অন্তরীণ শেখ হাসিনার জামিন হবে কিনা সে বিষয়ে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে সকালে সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে সিদ্ধান্ত হবে।
একই দিন খালেদা জিয়ার মহানগর মূখ্য হাকিম আদালতে হাজিরার দিন ধার্য থাকলেও তিনি হাজির হচ্ছেন না।
বিএনপির মূখপত্র হিসেবে পরিচিত দৈনিক দিনকাল প্রকাশনা লিমিটেডের সাত বছরের আয়-ব্যয়ের হিসাব না দেওয়ায় প্রতিষ্ঠানের পরিচালক খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গত ১২ জুন জয়েন্ট স্টক কোম্পানির উপ নিবন্ধক মামলা দায়ের করেন । ১৬ জুন আসামিদের আদালতে হাজিরার আদেশ ছিল। খালেদা জিয়া আদালতে সময় চাওয়ায় রোববার ২৬ আগস্ট হাজিরার দিন ধার্য করা হয়।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া শনিবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''ম্যাডাম রোববার আদালতে হাজির হবেন না। কারণ দৈনিক দিনকালের বিলুিপ্ত চেয়ে হাইকোর্টে একটি দরখাস্ত করা হয়েছে যার শুনানি হবে ২৭ আগস্ট। সে কারণে উচ্চতর আদালতের বিষয়টি আমরা রোববার মহানগর মুখ্য হাকিমের কাছে উপস্থাপন করব।''
রোববার আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে। এর মধ্যে ব্যবসায়ী আজম জে চৌধুরী ও নুর আলীর দায়ের করা চাঁদাবাজি মামলায় শেখ হাসিনার জামিনে হাইকোর্টের আদেশে সরকারের দায়ের করা লিভ টু আপিলের ওপর সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।
এছাড়া শেখ হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিশের কার্যকারিতা স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিলের ওপর শুনানিও করবে আপিল বিভাগ।
মিগ-২৯ যুদ্ধ বিমান ও ফ্রিগ্রেট ক্রয়, বেপজায় পরামর্শক নিয়োগ ও মেঘনা ঘাট বিদ্যুৎ প্রকল্প স্থাপন ইত্যাদি দুর্নীতি মামলা বাতিলে শেখ হাসিনার আবেদনেরও শুনানি হবে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে বেঞ্চে শুনানি শুরু হবে পর্যায়ক্রমে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এটি/পিবি/এসকে/১৩৫৬ ঘ.
bdnews24