ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রায় আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ার মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার বিকেল সাড়ে তিনটায় কমিশনের সহকারি পরিচালক মির্জ্জা জাহিদুল আলম এই অভিযোগপত্র দেন।
মুখ্য মহানগর হাকিম জালাল আহমেদ সোমবারই অভিযোগপত্রটি ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য পাঠিয়ে দেন।
এদিকে কমিশনে সম্পদের সঠিক হিসাব না দেওয়ায় সিবিএ নেতা ফিরোজ মিয়া ও তার স্ত্রী রওশন আরার বিরুদ্ধেও সোমবার অভিযোগপত্র দেওয়া হয়েছে।
ব্যারিস্টার নাজমুল হুদা ও সিগমা হুদার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে বলা হয়, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে চাপ দিয়ে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। তার ধানমণ্ডির বাসায় তিনটি চেকের মাধ্যমে ঘুষের টাকা পৌঁছে দিতে বাধ্য হন মীর জাহির।
গত ১১ মার্চ কমিশনের সহকারি পরিচালক মো. শফিকুল ইসলাম বাদি হয়ে ধানমণ্ডি থানায় এ মামলা দায়ের করেন।
এদিকে ফিরোজ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্রে কমিশনের সহকারি পরিচালক নূরুল আমিন বলেন, ফিরোজ মিয়া কমিশনের নোটিশ পেয়ে ৫৫ লাখ ৫১ হাজার ৭৮৬ টাকার সম্পদের হিসাব জমা দেন। কিন্তু তদন্তে দেখা যায় তার মোট সম্পদের পরিমাণ এক কোটি ৩৫ লাখ ৯৩ হাজার ১২ টাকা।
এই অভিযোগপত্রটিও মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/পিবি/এমএআর/জেকে/এমএইচবি/২১০৯ ঘ.
bdnews24