ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আলাপ-আলোচনার মাধ্যমে দলের মধ্যে ঐক্য গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সংস্কারপন্থি নেতা আবদুল মান্নান ভূঁইয়া।
তিনি বলেন, "কাউকে বাদ দেওয়ার জন্য নয়, দলকে গ্রহণযোগ্য করতে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। যা কিছু হবে খালেদা জিয়াকে নিয়েই হবে। আগামী নির্বাচনে দলকে জয়যুক্ত করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই।"
শুক্রবার দুপুরে গুলশানের বাসায় সাংবাদিকদের কাছে তিনি এভাবে ঐক্যের পক্ষে মত ব্যক্ত করেন।
খোন্দকার দেলোয়ারকে মহাসচিব হিসেবে স্বীকার করেন কী-না জানতে চাইলে মান্নান ভূঁইয়া বলেন, "বহিষ্কারের সিদ্ধান্তকে আমি অগঠনতান্ত্রিক মনে করি। ওই সিদ্ধান্ত আমি মানি না।"
সেক্ষেত্রে খোন্দকার দেলোয়ারের অংশের সঙ্গে ঐক্যের সম্ভাবনা আছে কী-না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দলের সিনিয়র নেতৃবৃন্দ এ বিষয়ে আলোচনা করছেন।
ঐক্যের বিষয়ে নেতা-কর্মীদের বিভ্রান্তিতে কান না দেওয়ার অনুরোধ জানান তিনি। মান্নান ভূঁইয়া দাবি করেন, তার সঙ্গেই দলের অধিকাংশ সাংসদ ও কেন্দ্রীয় নেতা রয়েছেন। আগামী সপ্তাহে তার একটি অনুষ্ঠানে ১১০-১১৫ জন দলীয় সাবেক সাংসদ উপস্থিত থাকবেন বলে তিনি জানিয়েছেন।
সংস্কারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে মান্নান ভুঁইয়া বলেন, "নেত্রীকে বাদ দেওয়ার কোনো প্রস্তাব আমাদের সংস্কারে নেই। আমরা কোনো ব্যক্তি বিশেষের পরিবর্তনের জন্য সংস্কার প্রস্তাব উপস্থাপন করিনি। এখনো বলছি, আগেও বলেছি, আমাদের সংস্কার প্রস্তাবই শেষ প্রস্তাব নয়। আরো প্রস্তাব আসবে। দলের কাউন্সিলে প্রস্তাবগুলো উপস্থাপনের পর কাউন্সিলাররা তা চূড়ান্ত করবেন।"
এক প্রশ্নের জবাবে তিনি জোরালোভাবে বলেন, "আমরা খালেদা জিয়াকে নিয়ে কাউন্সিল করব। আমার সংস্কার প্রস্তাবে দুই নেত্রীকে বাদ দেওয়া কথা নেই। আমি একটি 'সিস্টেম' পরিবর্তনের কথা বলেছি।"
তিনি আরো বলেন, "১১ জানুয়ারির পর আমাদের দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে শক্তিশালী ও জনগণের কাছে গ্রহণযোগ্য করতেই সংস্কারের প্রস্তাব দিয়েছি। দলের বিপর্যয় কাটিয়ে উঠতে সংস্কারের কোনো বিকল্প নেই। আমি সংস্কার ও ঐক্য দুটোই চাই।"
বিরোধী অংশের উদ্দেশ্যে মান্নান ভূঁইয়া বলেন, "যারা সংস্কার ও ঐক্যের বিরুদ্ধে কথা বলছেন, তারা অচিরেই তাদের ভুল বুঝতে পারবেন। আমি কর্মীদের বলব আপনার বিভ্রান্তি জড়াবেন না। দলের ঐক্য সুসংহত করুন।"
জামায়াতে ইসলামীর 'দেশে স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী নেই, ছিল না'- এমন দাবির জবাবে মান্নান ভূঁইয়া বলেন, "মুক্তিযুদ্ধের সময় রাজকার, আল বদর, আল শামস ছিল। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর যে সরকার ক্ষমতায় ছিল, তারা তাদের বিচার করেনি। তাদের ক্ষমা করে দিয়েছে।"
আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "নির্বাচন আসলে যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে আর্দশ ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্য হবে। এখনই এ বিষয়ে বলার সময় আসেনি।"
দলের মধ্যে ঐক্য ফিরে আসলে নয়া পল্টনের কার্যালয় খুলে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, "আমরা সংঘাত চাই না। পার্টি অফিস খুললে দুই পক্ষের মধ্যে সংঘাত হতে পারে। সেজন্য আমরা চাই না দলে এ নিয়ে কোনো বিভেদ সৃষ্টি হোক।"
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিএনপি নির্বাচনে অংশ না নিলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আমি দলের নেতা-কর্মীদের স্থানীয় সরকারের সিটি করপোরেশন, পৌরসভাসহ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।"
সংস্কারপন্থি অংশের সমর্থনকারী সাবেক সাংসদগণ ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এমএ/১৫২৫ঘ.ু
bdnews24