ময়মনসিংহে রওশন এরশাদের ইফতার পার্টি পণ্ড
ময়মনসিংহ শহরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদের ইফতার পার্টিতে শুক্রবার একদল যুবক হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। হামলায় জেলা যুব সংহতি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা পণ্ড হয়ে যায়।
জাতীয় পার্টির নেতারা এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। শহর জাতীয় পার্টির আহ্বায়ক মুনীর চৌধুরী বিডিনিউজ২৪ডটকম প্রতিনিধিকে জানান, সন্ত্রাসীরা জয়বাংলা শ্লোগান দিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। পরে রওশন এরাশাদও সাংবাদিকদের কাছে একই অভিযোগ করেন।
তবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. বদর আহমদ বলেছেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হামলা হতে পারে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার না পেয়ে একদল যুবক ক্ষুব্ধ হয়ে এ হামলা চালায়। তারা তিনটি দোকান ও রেস্তোরায় ব্যাপক ভাংচুর চালায় এবং কর্মচারীদের মারধর করে। হামলাকারীরা কমিউনিটি সেন্টারেও ব্যাপক ভাংচুর করে।
শহরের নতুন বাজারের অর্কিড কমিউনিটি সেন্টারে জাতীয় যুব সংহতির ইফতার পার্টিতে জেলা জাতীয় পার্টির সভানেত্রী বেগম রওশন এরশাদ প্রধান অতিথি ছিলেন। স্বপন মণ্ডলের সভাপতিত্বে হারুন অর রশিদ হারুনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা জাপা সভাপতি ইউনুস আলী মন্তু, সাধারণ সম্পাদক আবু তাহের হীরু এবং মুনীর চৌধুরী।
জাপা নেতা ও কর্মীরা এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মিছিল বের করে। পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
