বিকল্পধারার গাড়িবহরে হামলায় আহত ৫
নোয়াখালী জেলার দপ্তের হাট মোড়ে বৃহস্পতিবার দুপুরে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের গাড়ি বহরে সন্ত্রাসীরা হামলা চালায়। বিকল্পধারার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নোয়াখালী জেলার বিনোদপুর যাওয়ার পথে দুপুর ২টার দিকে গাড়িবহরটি দপ্তের হাট মোড়ে পৌঁছলে লোহার রড ও হকিস্টিক হাতে একদল সন্ত্রাসী এর ওপর হামলা চালায়।
এতে বিকল্পধারার পাঁচ কর্মী আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অবশ্য আহতদের পরিচয় বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
বিকল্পধারার আরও জানায়, সশস্ত্র সন্ত্রাসীরা গাড়িবহরের তিনটি গাড়িও ভাংচুর করে।
স্থানীয় যুবদলের মদদপুষ্ট সন্ত্রাসী আবদুল হক, মানু, রাজু ও জাহাঙ্গীর ওই হামলায় জড়িত বলে বিকল্পধারার পক্ষ থেকে অভিযোগ করা হয়।
