প্রধানমন্ত্রীর জোট প্রার্থীর নাম ঘোষনা, প্রতিপক্ষের জুতা নিক্ষেপ
প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বিরোধী দলের নির্বাচনে অংশগ্রহণ বা বয়কটের অধিকার থাকলেও নির্বাচন বানচালের কোন অধিকার নেই।
এদিকে সমাবেশে প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে চার দলীয় জোট প্রার্থী হিসেবে বর্তমান হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের নাম ঘোষণার পরপর প্রতিপক্ষ বিজিএমইএ সভাপতি ফজলুল হকের সমর্থকরা তাকে (ওয়াহিদুল আলম) লক্ষ্য করে জুতা ছুড়ে মারে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে ১০ জন আহত হন।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পাতর্বীপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে বতৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল অভ্যন্তরীণ ও বর্হিশক্তির সহযোগিতায় নির্বাচন বানচালের মাধ্যমে জনগণের অধিকার হরণের চেষ্টা চালাচ্ছে।
খালেদা জিয়া কোন দলের নাম উল্লেখ না করে অভিযোগ করেন, শুধুমাত্র সাংবিধানিক শুন্যতা সৃষ্টির উদ্দেশ্যেই নির্বাচন বানচালের মাধ্যমে বিরোধীরা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে দেশকে পেছনে ঠেলে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ক্ষমতাসীন জোট সরকার সংবিধান অনুযায়ী আগামী অক্টোবর মাসে তত্ববধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এবং তত্ববধায়ক সরকার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করবে।
হাটহাজারী উপজেলা বিএনপি সভাপতির সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকার, সাংসদ আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংসদ মোহাম্মদ আলী জিন্নাহ, সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলম, সাংসদ সারওয়ার জামাল নিজাম ও সাংসদ বেগম রোজী কবীর।
প্রধানমন্ত্রী পরে হাটহাজারীর ক্ষমতাসীন দলীয় সাংসদ সৈয়দ ওয়াহিদুল আলমকে পরবর্তী নির্বাচনে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
এর পরপরই ওয়াহিদুল আলমের বিপক্ষ গ্র“প বিজিএমইএ সভাপতি ফজলুল হকের সমর্থকরা সাংসদ ওয়াহিদুল আলমকে লক্ষ করে জুতা ছুড়ে মারে।
এসময় উভয় গ্র“পের নেতা--কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে গেলে আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
প্রধানমন্ত্রীর জনসভাস্থলে পৌছানোর আগে হাটহাজারী বাসস্ট্যান্ডেও উভয় গ্র“পের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
