সিইসির নিরপেক্ষতা ও যোগ্যতা নিয়ে সন্দিহান এনডিআই
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজের নিরপেক্ষতা ও যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে বিচারপতি কে এম হাসানের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা এনডিআই।
বাংলাদেশ সফরের শেষ পর্যায়ে হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনডিআই প্রতিনিধিদল এ অভিমত দিয়েছেন।
সম্মেলনে নির্বাচন কমিশনকে আরো গ্রহণযোগ্য করার উদ্দেশ্যে বেশ কয়েকটি সুপারিশ দিয়ে প্রধান বিরোধী দলের উদ্দেশ্যে সংস্থাটি বলেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আলোচনায় বসায় সময় এখনো শেষ হয়ে যায়নি।
গত কয়েক বছর ধরে এদেশে গ্রেনেড আক্রমণ, বোমা হামলা ও জঙ্গিবাদের উত্থান নিয়ে উদ্বেগ জানিয়ে প্রতিনিধি দল বলেছেন, এতে করে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে।
এনডিআইএর প্রতিনিধিরা সাংবাদিকদের জানিয়েছেন যে, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধানের বিধি মেনেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সঙ্গত হবে। বিচারপতি কে এম হাসান প্রসঙ্গে এনডিআই এর মত হলো কোনো রাজনৈতিক দলে কোনো এক সময় থাকলেই কারো নিরপেক্ষতা শেষ হয়ে যায় না।
সংবাদ সম্মেলনে এনডিআই-এর পক্ষে মার্কিন সিনেটের নেতা টম ড্যাসেল, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মাইক মুর, কম্বোডিয়ার নারী ও প্রবীণ বিষয়ক সাবেক মন্ত্রী মু সচুয়া, এনডিআই এশিয়ার উপপরিচালক টমাস ব্যারি, বাংলাদেশে এনডিআইয়ের আবাসিক প্রতিনিধি ওয়েন লিপার্ট এবং বাংলাদেশে এনডিআইয়ের সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক ডেবোরাহ হিলি উপস্থিত ছিলেন।
