২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনিবেশিক কারাবিধি ব্যাপক সংস্কারের প্রস্তাব

কারা সংস্কার সংক্রান্ত একটি মন্ত্রিসভা কমিটি রোববার কারাবন্দি শীর্ষ রাজনৈতিক নেতাদের ডিভিশন প্রদানসহ দেশের কারা বিধিতে ব্যাপক পরিবর্তন আনার সুপারিশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে কারাবিধির ১ হাজার ৩৮৮ টি ধারার মধ্যে ১৯২ টি ধারা বিলুপ্ত এবং অন্য ১৪৬ টি ধারা সংস্কার ও সংশোধনের প্রস্তাব করা হয়।

অনান্য গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে মন্ত্রিসভা কমিটি কয়েদীদের জন্য অনান্য সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি জেলের মেয়াদ বিদ্যমান ৯ মাসে বছর থেকে ৮ মাসে কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে।

ক্ষমতাসীন চার দলীয় জোট সরকার শাসন আমলের শেষ পর্যায়ে আনা ওই সুপারিশ আগামী সেপ্টেম্বরে অনুমোদনের জন্য মন্ত্রীসভায় পাঠানো হবে।

আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের সভাপতিত্বে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী ড. খোন্দকার মোশারফ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা অব্বাস, সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহীদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আলমগীর কবীর বৈঠকে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মন্ত্রী পরিষদ কমিটি কারা বিধিতে পরিবর্তন আনার একটি প্রস্তাব দিয়েছে এবং এতে কারাগারে অবস্থানরত রাজনীতিক, মানবাধিকার কর্মী ও সামাজিক ব্যক্তিত্বদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

বিএনপি জামাত নেতৃত্বাধীন জোট সরকার কারা বিধি সংস্কারের লক্ষ্যে ২০০৩ সালের ২৩ মার্চ মন্ত্রী পরিষদ কমিটি গঠন করে। ৬০টি বৈঠকের পর এ কমিটি চূড়ান্ত প্রতিবেদন পেশ করে।

জাতীয় পুরস্কার  ও বীরত্বের জন্যে পুরস্কার পেয়েছেন এমন নাগরিক কারাবন্দী হলে তাদের ডিভিশন প্রদানের প্রস্তাব দিয়েছে কমিটি।

বৈঠকের একাধিক সূত্র জানায়, যেসব কারাবন্দী বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, স্বাধীনতা পদক, জাতীয় অধ্যাপক এবং সিআইপি উপাধি পেয়েছেন তাদেরও কারান্তরে ডিভিশন দেওয়া হবে।

এছাড়াও কমিটি  রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যাদের অন্তত একজন প্রতিনিধি জাতীয় সংসদে রয়েছেন তাদেরও ডিভিশন দেওয়ার প্রস্তাব দিয়েছে।

প্রস্তাবমতে, সমাজে প্রভাব রাখেন এবং বিশেষ জন হিসেবে পরিচিত এমন ব্যক্তিত্বদের ডিভিশন সুবিধা দেওয়া হবে।

অন্যদিকে কমিটি মন্ত্রী পরিষদ বা সুপ্রিম কোর্ট এর পরিবর্তে জেল সুপারকেই এ ডিভিশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণে পাওয়ার অব এটর্নির প্রস্তাব দিয়েছে।

মানবাধিকার ও জীবন যাপনের সুবিধাদির কথা বিবেচনায় রেখে এছাড়াও জেল টার্ম বছরে চার মাস থেকে কমিয়ে তিন মাসে কমিয়ে এনে কমিটি যারা জেলের মেয়াদের অর্ধেক কাটিয়ে ফেলেছেন তাদের পুনর্বাসনের লক্ষ্যে প্যারোলে মুক্তি দেওয়ারও প্রস্তাব দিয়েছেন।

এছাড়াও কারাবন্দীদের ওপর অমানবিক আচরণ ও নির্যাতন বন্ধ করার প্রস্তাব দিয়েছে কমিটি।

কারান্তরে স্যানিটেশন, টয়লেট সামগ্রী ও বস্ত্র সরবরাহের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ও খাবার দেওয়ারও কথা বলা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলোচনাকালে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এ প্রস্তাবকে ঐতিহাসিক বলে উল্লেখ করে বলেন, আমরা ১১২ বছরের পুরোনো ঔপনিবেশিক শাসনের কারা বিধি আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি যার মাধ্যমে একটি সম্মানজনক মান জেলখানার অভ্যন্তরে নিশ্চিত করা যায়।

প্রস্তাবিত সংস্কার প্রস্তাব প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জেল খানায় দুই তৃতীয়াংশের বেশি বন্দী বিচারাধীন রয়েছেন সেক্ষেত্রে তাদের নির্দোষ হিসেবেই বিবেচনা করতে হবে এবং তাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, জেল কোড সংস্কারের পেছনে সরকারের কোনও স্বার্থ বা অসৎ উদ্দেশ্য নেই।