রাষ্ট্রপতি সংক্রান্ত জটিলতার অবসান হওয়া দরকার: ড. কামাল
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন শনিবার বলেছেন, রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের বঙ্গভবনে ফিরে যাওয়া এবং দায়িত্ব গ্রহণের বিষয়গুলো স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে।
তিনি বলেন, সংবিধানের ৫৪ ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি অসুস্থ হয়ে কিংবা কোনো কারণে ছুটিতে দেশে বা দেশের বাইরে থাকলে সংশ্লিষ্ট অন্য কেউ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির রাষ্ট্রীয় বাসভবনে ফিরে আসা কিংবা ছুটিতে থাকা নিয়ে সংবিধানে কোনো জটিলতা নেই।
বিডিনিউজের সাথে আলাপকালে ড. কামাল হোসেন বলেন, চিকিৎসকরা যদি বলেন, রাষ্ট্রপতি সুস্থ হয়ে উঠছেন, তবে তার বিশ্রাম প্রয়োজন, তাহলে তিনি ছুটি নিতে পারেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি সংক্রান্ত সবকিছুই নির্ভর করছে চিকিৎসকদের দেওয়া রিপোর্টের ওপর। বঙ্গভবনের উচিত গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে বিষয়টি স্বচ্ছ করে তোলা এবং এ ব্যাপারে বঙ্গভবন থেকে তথ্য পাওয়ার অধিকার গণমাধ্যমের রয়েছে।
দেশের শীর্ষ স্থানীয় বিচারকরা বলেছেন, চিকিৎসকরা যদি বলেন যে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে সক্ষম নন, তাহলে আইনের দৃষ্টিতেও তা গ্রহণযোগ্য হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি দেশে উপস্থিত থাকা সত্ত্বেও তিনি যদি দায়িত্ব পালনে শারীরিকভাবে সক্ষম না হন, তবে অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে পারেন।
তিনি বলেন, রাষ্ট্রপতির উপস্থিতিতে একই সাথে অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্বে থাকলে সাংবিধানিক জটিলতা সৃষ্টি হবে না।
