২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা মামলার বাদি ও নারী নির্যাতনকারীদের ছবি ও তালিকা পাঠান, কেউই রেহাই পাবেনা: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের নেতাকর্মীদের নামে ‘মিথ্যা মামলা’র বাদি এবং মহিলাদের নির্যাতনকারী পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের ছবি ও তালিকা প্রস্তুত করে পাঠানোর জন্যে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। বলেছেন, আগামীতে ক্ষমতায় আসলে ওদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অত্যাচারিদের কাউকেই রেহাই দেওয়া হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে বৃহ¯পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোটের ক্ষমতার ক্ষুধার কারণে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ ধ্বংস হচ্ছে।

তিনি বলেন, বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে নির্বিচারে গাছ কেটে পরিবেশ ধ্বংস করছে। নদী নালা খাল বিল দখল করছে। গোটা দেশটাকেই তারা লুটে পুটে খাচ্ছে।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ক্ষমতায় টিকে থাকতে তারা অত্যাচার নির্যাতনের পত বেছে নিয়েছে। ওদের পায়ের তলা থেকে যতোই মাটি সরে যাচ্ছে, ততোই অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়ছে। কিন্তু এসব অত্যাচার নির্যাতন ও ষড়যন্ত্র করে শেষ রক্ষা হবে না বলে তিনি উল্লেখ করেন।

দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, অত্যাচারি, দুর্নীতিবাজ, চোর ও লুটেরা বিএনপি জামাত জোট ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে ভোট চুরি করে যেন আবার ক্ষমতায় আসতে না পারে সেজন্যে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন।

সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জঙ্গি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ লুটেরা ও খুনি সরকারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। কারণ ওরা ক্ষমতায় থাকলে জাতির কোনো কল্যাণ হবে না।

শেখ হাসিনা দেশের সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, বিএনপি জামাত জোট সরকার জনগণের দিকে না তাকিয়ে শুধু লুটপাট করে খাচ্ছে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তারা। জোট দুঃশাসনে অতীষ্ঠ মানুষ এখন ওদের হাত থেকে মুক্তি চায়। তাই এই দুঃশাসনের কবল থেকে দেশকে বাঁচাতে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

জোট সরকারের উন্নয়নের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রী এবং তার পরিবার ও মন্ত্রী এমপিদের। সাধারণ জনগণের কোনো উন্নয়ন হয়নি। সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে তারা মুনাফা লুটছেন। আর জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছেন।

অনুষ্ঠানের শুরুতে শেখ হাসিনা তিনটি গাছের চারা রোপন করেন। একই সঙ্গে কমপক্ষে একটি করে ফলজ, ভেষজ ও বনজ গাছ রোপনের জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

কৃষকলীগ সভাপতি ড. মির্জা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, আলহাজ্ব অ্যাডভোকেট রহমত উল্লাহ্ এমপি, ওবায়দুল কাদের, কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক এমপি, কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম, মোতাহার হোসেন মোল্লা ও সৈয়দ সগিরুজ্জামান শাকীক বক্তব্য রাখেন। 

বাংলাদেশ কৃষক লীগ বরাবরের মতো এবারও আষাঢ় থেকে ভাদ্র-- এই তিন মাসব্যাপী সারা দেশে বৃক্ষরোপন অভিযান পরিচালনা করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।