‘চোর না ধরে চলে গেলেন কেন?’
উপদেষ্টারা পদত্যাগ করায় চার দলের উদ্দেশ্য হাসিল হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
হাসিনা বলেন, “উনারা যদি উপদেষ্টা পরিষদে থেকে পরিস্থিতি মোকাবেলা করতেন তাহলে জাতি উপকৃত হতো।”
পদত্যাগকারী উপদেষ্টাদের প্রতি শেখ হাসিনা প্রশ্ন রাখেন, “চোর না ধরেই ওনারা কেন চলে গেলেন?”
“ওনারা যেন চলে যান এমন অনেক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছিল এবং চার দল চাচ্ছিল ওনারা যেন চলে যান।”
বুধবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিজয় দিবস উপলক্ষে ‘মহান মুক্তিযুদ্ধ ও বাঙালির বিজয় ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “চোর আমার ঘরে চুরি করবে সেটা জেনে কি আমি দরজা-জানলা খোলা রেখেই চলে যাব নাকি চোর ধরবো?
এই চোরদের কীভাবে ধরা হবে এবং কিভাবে প্রতিহত করা হবে সে ব্যাপারে প্রস্তুতি নিতে তিনি দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানান।
শেখ হাসিনা রাষ্ট্রপতির সমালোচনা করে বলেন, এই রাষ্ট্রপতি কিছুতেই অবাধ, সুষ্ঠু নির্বাচন হতে দেবেন না।
জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ভোট চুরিতে এবং বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার পরিকল্পনাতেই রাষ্ট্রপতি ব্যর্থ।
“বিএনপি-জামাতের তালিকা অনুয়ায়ী উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল। রাষ্ট্রপতি নির্বাচন কারচুপির যে পরিকল্পনা করেছেন তা দেখে উপদেষ্টারাও তাজ্জব বনে গিয়েছিলেন। আমাদের কাছে যে প্যাকেজ নিয়ে আসা হয়েছিল সেখানে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়। আমরা যখনই এ প্রস্তাবে রাজি হয়ে যাই তখনই রাষ্ট্রপতি নিজের অবস্থান থেকে সরে যান।”
সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রপতি ভুলে গেছেন সেনাবাহিনীর সদস্যরা এই মাটিরই সন্তান। তারা পাকিস্তান থেকে আসেননি। ইয়াহিয়া খানের কাছে এক নম্বর শত্রু ছিল আওয়ামী লীগ, তেমনি চারদলের কাছেও এক নম্বর শত্রু আওয়ামী লীগ।”
দেশে কোনো একতরফা নির্বাচন হবে না ঘোষণা দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “৮১ তে রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিচারপতি সাত্তার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করেননি। কিন্তু তিনি তিন মাসও ক্ষমতায় টিকে থাকতে পারেননি। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের পরও বিএনপিকে গণঅভ্যুত্থানে বিদায় নিতে হয়েছিল। ২০০১ এ ভাওতা দিয়ে চারদল ক্ষমতায় গেছে। কিন্তু এবার ক্ষমতায় যাওয়া এতো সহজ হবে না। জনগণ ভোট চোরদের চিহ্নিত করে ফেলেছে।”
তিনি নেতা-কর্মীদের হতাশ না হয়ে আন্দোলনের পাশাপাশি নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “সর্বাত্মক ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। নির্বাচনে যেন ভোট চুরি না হয় সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অনুষ্ঠানে শেখ হাসিনা নির্বাচিত হলে দ্রব্যমূল্য কমানো, বিদ্যুত সংকট নিরসনসহ বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই এতোই বেসামাল হয়ে পড়েছেন যে মা-ব্যাটা একবার এরশাদের পা ধরে, একবার তাকে মামলার ভয় দেখায়, আবার টাকার প্রলোভন দেখায়।”
বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিচারপতি কেএম সোবহান। এতে বক্তব্য রাখেন ব্যারিস্টার আমীর উল ইসলাম, অবজারভার প্রত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিধ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আআমস আরেফিন সিদ্দিক। মূল প্রবন্ধ পাঠ করেন ডা. এম এ মালেক।
