শর্ত সাপেক্ষে নয়, উপদেষ্টার দায়িত্ব নিয়েছি সংকটময় মুহূর্তে: রুহুল আলম চৌধুরী
নতুন নিয়োগ প্রাপ্ত জ্বালানী উপদেষ্টা মেজর জে. (অব.) রুহুল আলম চৌধুরী বলেছেন, “শর্ত সাপেক্ষে নয়, একটি সংকটময় মুহূর্তে উপদেষ্টার পদ গ্রহণ করেছি।”
শর্ত সাপেক্ষে উপদেষ্টার পদ গ্রহন করেছেন কী না ? এই প্রশ্নের জবাবে বুধবার সকালে সচিবলায়ে জ্বালানী মন্ত্রণালয়ের দপ্তরে সাংবাদিকদেরকে জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন।
বর্তমান সংকট থেকে উত্তরণের বিষয়ে আশাবাদী রুহুল আলম চৌধুরী আরো বলেন, “জাতীয় প্রত্যাশা পূরণ করতে গুরু দায়িত্ব নিয়েছি। যেভাবেই হোক সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বার করতে হবে।”
আত্মপ্রত্যয়ী রুহুল আলম চৌধুরী বলেন,“নিজের ওপর আমার যথেষ্ট আস্থা আছে। বিরাজমান সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাবো। সমাধানের কোনো বিকল্প নেই। রণে ভঙ্গ দিয়ে পিছিয়ে আসার লোক নই আমি। এটা উচিতও না।”
চার উপদেষ্টার পদত্যাগ বিষয়ে তিনি বলেন,“এটা একান্তই তাদের ব্যাক্তিগত বিষয়”
১৪ দল প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন,“তারা সবাই অভিজ্ঞ, সমাজের বিবেক। তাদের কথার মূল্য আছে। তবে যে ব্যাবধানটা আছে সেটা খুব বেশি বলে মনেহচ্ছে না। আলোচনায় বসে সমাধানের পথ বার করা সম্ভব। অতীতে এর চেয়ে বড় বড় সমস্যার সমাধান হয়েছে।”
