২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজউদ্দিনকে একপাক্ষিক নির্বাচন করতে দেওয়া হবে না: ১৪ দল

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল সাফ জানিয়ে দিল, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের একপাক্ষিক নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা প্রতিহত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

মঙ্গলবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য তোফায়েল আহমেদ বলেন, “বিএনপি-জামায়াত জোটের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত কোন নির্বাচন আমরা মেনে নেবো না।”

তোফায়েলের কথার একরকম প্রতিধ্বনি করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু বলেন, “আমাদের দাবি-দাওয়া পুরণ না করে ইয়াজউদ্দিন আহম্মেদের অধীনে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না।”

আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য আমির হোসেন আমু ও আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও একই দাবি করেন।

আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বলেন, “চার উপদেষ্টা পদত্যাগের পর রাষ্ট্রপতি কোন নৈতিকতার ধার না ধেরে তিন জনকে ওই পদে নিয়োগ দিয়েছেন।”

তোফায়েল আহম্মেদ ওই তিন জনকে বিএনপি-জামাতের চর হিসেবে চিহ্নিত করেন।

তিনি বলেন, নিরপেক্ষ চার উপদেষ্টা পদত্যাগ করার পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বিএনপি-জামাত জোটের ‘একটি ফোরামে’ পরিণত হয়েছে।”