অবরোধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি মান্নান ভূঁইয়া
১৪ দলের ডাকা অবরোধ কর্মসূচি দেশের নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে উল্লেখ করে তত্ত্বাবধায়ক সরকারকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
মঙ্গলবার বিকেলে মুক্তাঙ্গনে চার দল আয়োজিত এক জনসভায় মান্নান ভূঁইয়া বলেছেন, ‘‘অবরোধের নামে যারা অর্থনীতি ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র করছে, তাদের মোকাবেলা করতে হবে। জনগণ তত্ত্বাবধায়ক সরকারের কাছে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আশা করে।’’ তিনি ১৪ দলকে ওই পথ পরিহার করে নির্বাচনে এসে তাদের জনসমর্থন প্রমাণের আহবান জানান।
মান্নান ভূঁইয়া চার দলের পক্ষে আগামী রোববার সারাদেশের থানা-উপজেলায় সভা-সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি চার দলের নেতা-কর্মীদের জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার আহবান জানিয়ে বলেন, “সামনে নির্বাচন। ঘরে ঘরে গিয়ে প্রার্থীর পক্ষে জনমত গড়ে তুলুন। আগামী নির্বাচনে বিজয়ের পর চার দলকে ক্ষমতায় বসিয়ে আমরা ঘরে ফিরে যাব।”
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে সঠিক উল্লে¬খ করে বিএনপি মহাসচিব বলেন, কমিশন তফসিল ঘোষণা না করলে সাংবিধানিক সংকট সৃষ্টি হতো। কারণ ৯০ দিনের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভোটার তালিকায় ভূয়া ভোটারের অভিযোগ খন্ডন করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই এই ভূয়া ভোটার করা হয়েছিল।
মুক্তাঙ্গনের এই সমাবেশে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, জামায়াতের নেতা ও কর্মীরা মিছিলসহ যোগ দেয়। তারা এসময় ধানের শীষ ও দাড়িপাল্লার পক্ষে শ্লোগান দেয়।
মান্নান ভূঁইয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ নির্বাচন চায় না বলে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, তাদের এই অবরোধ শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের বিরুদ্ধে।
নগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এম কামারুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব এবিএম গোলাম মোস্তফা, শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মাওলানা ইমদাদুল হক আড়াইহাজারী, মাওলানা শফিকউদ্দিন, বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, আমানুল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, মিজানুর রহমান মিনু, নাসির উদ্দিন আহম্দে পিন্টু, আবদুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।
