ড্যাবের দায়ের করা মামলায় জামিন নিলেন ৫১ চিকিৎসক
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে গত ২৮ অক্টোবর ডাক্তারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ড্যাবের দায়ের করা ছয় মামলায় রোববার জামিন নিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের ৫১ জন চিকিৎসক।
চুরি, মারপিট, ভাংচুর, অনধিকার প্রবেশের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা ছয় মামলায় তারা ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পন করে জামিন চান। ম্যাজিস্ট্রেট শামসুল আলম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার স্বাধীনতা চিকিৎসক পরিষদের দায়ের করা পাঁচ মামলায় ড্যাবের ৬০ জন চিকিৎসক একই আদালত থেকে জামিন নিয়েছিলেন।
গত ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে ১৪ দল ও চার দলীয় জোট সমর্থিত ডাক্তারদের দুই গ্রুপের মধ্যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ ঘটনায় শাহবাগ থানায় এসব পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়।
