নির্বাচনের তফসিল নভেম্বরে, আইন - শৃঙ্খলার অবনতির আশঙ্কা
জাতীয় নির্বাচনের তফসিল নভেম্বরে ঘোষণার পর তত্ত্বাবধায়ক সরকারের সময় আইন - শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে নির্বাচন কমিশন (ইসি) আশঙ্কা প্রকাশ করেছে।
আইন - শৃঙ্খলা রক্ষা সংক্রান্তউচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সোমবার ইসি সচিব আব্দুর রশীদ সরকার সাংবাদিকদের কাছে এ আশংকা প্রকাশ করেন। তিনি বলেন, নভেম্বরে তফসিল ঘোঘণার পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে আইন -- শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়ে গেছে। এ জন্য আগাম কি ব্যবস্থা নেওয়া যায়, তা নির্ধারণ করার জন্য বৈঠকে মতবিনিময় করা হয়।
তবে বৈঠক শেষে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের কাছে মুখ খোলেন নি।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ। এতে অপর তিন নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, সম জাকারিয়া ও মাহমুদ হাসান মনসুর, ইসি সচিব, পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকা সিটি করপোরেশন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সেনা বাহিনীর পাশাপাশি র্যাব মোতায়েন করা হবে কি না -- এ প্রশ্নে জবাবে ইসি সচিব আব্দুর রশীদ বলেন, সেটা আরো পরের ব্যাপার। তফসিল ঘোষণার পর ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোট গ্রহণের আগেই প্রয়োজন অনুযায়ী আইন -- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করবে।
২০০০ সালে দেশে ভোটারের সংখ্যা ছিলো প্রায় সাড়ে সাত কোটি।
ইসির সাম্প্রতিক হালনাগাদ করা ভোটার তলিকা অনুযায়ী, এখন দেশে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।
