২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলামনে না আসলে সংলাপ সফল হবে না-জামায়াত

আওয়ামী লীগের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামী বলেছে, খোলামনে না আসলে সংলাপ সফল হবে না। ‘জামায়াত ছাড়া সংলাপের আয়োজন প্রাথমিক বিজয়’ শেখ হাসিনার এমন মন্তব্যেরও তীব্র সমালোচনা করেছে জোট সরকারের প্রধান শরিক দলটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার বেইলি রোডের সরকারি বাসভবনে চার দলীয় ঐক্যজোটের মহাসচিবদের বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ একথা বলেন।

বৈঠক শেষে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, বিএনপি এখন আলোচনার জন্য প্রস্তুত।  তবে শরিক দলগুলোর সিদ্ধান্ত ও মতামতের ভিত্তিতেই সংলাপে বসছে বিএনপি।

মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে এতে নাজিউর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি) মহাসচিব সাইফুর রহমান, ডা. আবদুল মতিনের নেতৃত্বাধীন বিজেপির অপর অংশের মহাসচিব এবিএম গোলাম মোস্তফা, ইসলামী ঐক্য জোটের (আমিনী) অংশের মহাসচিব আবদুল লতিফ নিজামী এবং ইসলামী ঐক্য জোট (ইসহাক) এর অপর অংশের মহাসচিব মাওলানা ইমদাদুল হক আড়াইহাজারি উপস্থিত ছিলেন। শায়খুল হাদিস আজিজুল হকের নেতৃত্বাধীন ইসলামী ঐক্য জোটের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এ বৈঠকে উপস্থিত  হননি।

এসময় বিএনপির সহসভাপতি তথ্যমন্ত্রী এম সামসুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামও উপস্থিত ছিলেন।

বৈঠকে আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিভিন্ন দিক শরিকদলের মহাসচিবদের জানানো হয়। একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, দলের সর্বোচ্চ পর্যায় থেকে একগুঁয়েমি দূর না করলে সংলাপ সফল হবে না।