ফরিদপুর-১ উপ নির্বাচন: ২ প্রতিদ্বন্দ্বীর অভিযোগ পাল্টা অভিযোগ
ফরিদপুর-১ আসনের উপ নির্বাচন নিয়ে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর সভা সমাবেশ থেকে অভিযোগ ও পাল্টা অভিযোগ করা হচ্ছে। ফলে নির্বাচনি পরিবেশ ক্রমেই জমে উঠছে।
ওই আসনের উপ নির্বাচন ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে।
নির্বাচনে বিএনপি প্রার্থী শাহ আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী মুফতি শরাফত হোসাইন দুজনই রোববার মধুখালি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
শাহ আবু জাফর সকালে মধুখালির কামারখালিতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। পরে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে আশাপুর, পঞ্চপল¬ী, মিখাইল, বাগাট, মেগচামি ও গাজনা এলাকায় গণসংযোগ করেন।
একই দিন স্বতন্ত্র প্রার্থী ও ইসলামী ঐক্যজোট নেতা মুফতি শরাফত হোসাইন মধুখালির কামালদিয়া, পাশা, কাপাসিয়া, মাকরাইল, মেহেরদিয়া এলাকায় কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন এবং গণসংযোগ করেন।
এসব সভাতেও দুই প্রার্থী দুজনকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে বক্তব্য রাখেন।
এদিকে বহুল আলোচিত প্রার্থী কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের নেতা কৃষক মোহাম্মদ সাদেক শনিবার থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। তিনি একাই তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি নিজেই ভোটারদের সাথে কুশল বিনিময় ও পরিচিত হয়ে নিজের প্রচারপত্র বিলি করছেন।
তিনি একাই বিভিন্ন খালি জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন।
তার এ ধরনের বক্তব্য ও প্রতিশ্রুতি স্থানীয় জনগণের মধ্যে হাসির খোরাক জোগাচ্ছে।
