২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে বাবার মতো জীবন দিয়ে যাব: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজনে বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই জীবন দিতে তৈরি তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 11:44 PM

Updated : 02 Aug 2022, 03:15 PM

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য যোগ্য হিসেবে জাতিসংঘ যে স্বীকৃতি দিয়েছে, তা উদযাপনে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

কক্সবাজারের লাবণী পয়েন্টসহ দেশের কয়েকটি স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা।

তিনি বলেন, “কক্সবাজারবাসীসহ সারা বাংলাদেশের মানুষের কাছে আমার এটাই প্রতিজ্ঞা যে আপনাদের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতো আমি জীবন দিয়ে যাব, রক্ত দিয়ে যাব। কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাব। যতক্ষণ আমার শ্বাস আছে, ততক্ষণ আপনাদের পাশে, আপনাদের উন্নয়নে কাজ করে যাব।”

গত বছরের ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের উন্নয়নের জন্য চুড়ান্ত অনুমোদন দেয়।

এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ জাতিসংঘে গৃহীত  

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পর ১৯৮১ সালে দেশে ফিরে আসার স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, “যখন ফিরে আসি, বাবা-মা-ভাই কাউকে পাইনি। কিন্তু পেয়েছিলাম লাখো মানুষ। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তারা ছুটে গিয়েছিল।

“কাজেই তারা সেদিন থেকে আমার আপনজন। এ বাংলাদেশের মানুষ তারাই আমার পরিবার, তারাই আমার সব। তাদের জন্যই আমি কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মানুষই আমার সব থেকে আপনজন এবং আমার পরিবার হিসেবে আমি মনে করি।”

আবেগঘন ভাষণে বঙ্গবন্ধুকন্যা বলেন, “আপনাদের মাঝেই হারানো বাবা, হারানো মা, ভাইয়ের স্নেহ ভালোবাসা ফিরে পেয়েছি। কাজেই আপনাদের জন্য জীবনটা এতটুকু কুণ্ঠিত না। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন যত বাধাই আসুক, আমরা করে যাবই। সবাই সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে। সুন্দর থাকবেন।”

Image
ছবি: পিআইডি

ছবি: পিআইডি

দেশের মানুষের মুখে হাসি ফোটানোই উদ্দেশ্য বলে জানান টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা।

“যে মানুষগুলোকে তিনি (বঙ্গবন্ধু) এত গভীরভাবে ভালোবাসতেন, সেই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করা, এটাই তো আমার একমাত্র লক্ষ্য। নিজের জীবনে কোনো চাওয়া-পাওয়া নেই। শুধু একটা কথাই চিন্তা করি যে দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম। কতটুকু দিতে পারলাম। বাংলাদেশের মানুষ যখন ভালো থাকে। বাংলাদেশের মানুষের মুখে যখন হাসি ফুটে এটাই তো জীবনের সবচেয়ে বড় পাওয়া। এর থেকে বড় পাওয়া তো আর কিছু নেই।”

নানা বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, “অনেক বাধা, অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাকে চলতে হয়েছে। বার বার আমার ওপর আঘাত এসেছে। আমি কিন্তু পিছিয়ে যাইনি। আমি চেষ্টা করে গেছি, এদেশের মানুষের জন্য, কিছু করে যেতে, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে।”

বঙ্গবন্ধুর পথেই এগিয়ে চরছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ঠিক যেভাবে আমার বাবার কাছ থেকে বর্ণনা শুনতাম, যেভাবে তিনি বলতেন যে বাংলাদেশ কীভাবে উন্নতি করবে, ঠিক সেই কাজগুলোই করে যাওয়ার পদক্ষেপ নিয়েছি।

“তারই শুভ ফল আজ দেশবাসী পাচ্ছে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই মর্যাদা ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে যেন আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি; যেটা জাতির পিতার স্বপ্ন ছিল।”

উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা জানিয়ে তাতে সবার সমর্থন প্রত্যাশা করেন তিনি।

“বাংলাদেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা যেন আমরা অব্যহত রাখতে পারি। প্রজন্মের পর প্রজন্ম যেন সুন্দরভাবে বাঁচতে পারে। সেই প্ল্যানও আমি করে দিয়েছি। ডেল্টা প্ল্যান ২১০০ করে দিয়েছি। এই বদ্বীপটাকে সুন্দরভাবে গড়ে তুলে যেতে। প্রজন্মের পর প্রজন্ম সুন্দরভাবে যাতে জীবন-জীবিকা করতে পারে। সেই ব্যবস্থা আমি করে যাচ্ছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ হবে। সেই পরিকল্পনা করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছি। কাজেই বাংলাদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে।”

গত এক দশকে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরে সরকার প্রধান বলেন, “আজকে বাংলাদেশ, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। বাংলাদেশের প্রতিটি ঘর আলোকিত করেছি, শতভাগ বিদ্যুৎ দিয়েছি। বাংলাদেশের কোন মানুষ গৃহহারা থাকবে না।

“উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যে মর্যাদা পেয়েছি, দেশে-বিদেশে আজকে সে মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঙালি চলতে পারে। কাজেই এই চলা যেন থেমে না যায়। এইটুকুই শুধু আমার চাওয়া।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“জনগণের আস্থা-বিশ্বাসটাই হচ্ছে আমাদের থেকে বড় শক্তি। মানুষের বিশ্বাস, মানুষের আস্থা এবং মানুষের ভালোবাসাই আমাদের প্রেরণা।”

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনী ইশতেহারে প্রতিবারই আমরা নতুন নতুন থিম নিয়ে এসেছিলাম। আমরা যে নির্বাচনী প্রতিশ্রুতি দেই সেটা ভুলে যাই না। ইশতেহার সামনে রেখেই আমরা উন্নয়ন প্রকল্প নিই।”

কক্সবাজারকে ঘিরে সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই জেলাকে ঘিরেই বাংলাদেশের উন্নয়ন আরও গতিশীল হবে।

বিদেশি পর্যটকদের জন্য বিশেষ পর্যটন এলাকা গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

কক্সবাজারের ভৌগলিক অবস্থানগত সুবিধার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “এই কক্সবাজারটাই হবে এক সময় প্রাচ্য থেকে পাশ্চাত্যে যাওয়ার একটা সেতু বন্ধন রচনা করবে।”

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মুখ্য সচিব আহমদ কায়কাউস, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন বক্তব্য রাখেন।