২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিজেদের মারামারি আড়াল করতে’ সরকারকে বিএনপির দোষারোপ: হাছান মাহমুদ

হবিগঞ্জে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের কোন্দলে ‘বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণেই’ আইনশৃঙ্খলা বাহিনীকে ব‌্যবস্থা নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ‌্যমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2021, 05:00 PM

Updated : 02 Aug 2022, 06:44 PM

শুক্রবার রাজধানীর মিন্টো রোডের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “বিএনপি নিজেদের মারামারির ঘটনা আড়াল করতে এখন সরকারকে দোষারোপ করছে।”

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতির দাবিতে ২২ ডিসেম্বর হবিগঞ্জের শায়েস্তানগরে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। বিএনপির অভিযোগ, পুলিশ ‘বিনা উসকানিতে হামলা ও গুলিবর্ষণ’ করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এভাবে ‘দমন-পীড়ন চালিয়ে’ খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আন্দোলন ‘দমানো যাবে না’।

এর জবাবে তথ‌্যমন্ত্রী বলেন, “বিএনপি সারাদেশে যে সমাবেশ করছে, সেখানে বিভিন্ন জায়গায় তারাই মারামারি করে। সিলেটে বিজয় দিবস উপলক্ষে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশে চেয়ারে বসা নিয়ে তারা যেভাবে মারামারি করেছে, তাদের মারামারির ভয়ে আশপাশে সব দোকানপাট বন্ধ করে দিয়েছিল ব‌্যবসায়ীরা।”

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, সমাবেশ পণ্ড  

‘দমনপীড়ন’ করে আন্দোলন ‘ঠেকানো যাবে না’: ফখরুল  

হাছান মাহমুদ বলেন, “তাদের (বিএনপি) নিজেদের মারামারির কারণে জনগণ আতঙ্কিত। একই ঘটনা হবিগঞ্জেও... তাদের মারামারি ঠেকাতে পুলিশকে ব‌্যবস্থা নিতে হয়েছিল।

“... মির্জা ফখরুর সাহেব তো নিজেদের মারামারির বিষয় নিয়ে কোনো কিছুই বলছেন না।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বিএনপির সভায় বিভিন্ন সময়ে যে হট্টগোল হয়, তা ঠেকানোর জ‌ন‌্য মির্জা ফখরুল সাহেবকে চিল্লাচিল্লি করতে হয়। একটি বড় রাজনৈতিক দলের মহাসচিবের সামনে যেভাবে বিশৃঙ্খলা হয়, সেটা তাদের জন‌্য লজ্জার।

“মির্জা ফখরুল ইসলাম সাহেবকে অনুরোধ জানাব, নিজেদের বিশৃঙ্খলা আড়াল করার জন‌্য সরকারের ওপর দোষারোপের রাজনীতি পরিহার করুন।”

বৃহস্পতিবার রাতে ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তথ‌্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “যদি এই ঘটনায় কেউ দোষী হয়, অব‌্যশই তাকে আইনের আওতায় আনা হবে।”