২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, সমাবেশ পণ্ড

হবিগঞ্জ শহরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের মধ্যে বিএনপির ডাকা সমাবেশ পণ্ড হয়ে গেছে। এতে বিএনপি ও পুলিশের অনেক সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাসেল চৌধুরী

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 05:54 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের শায়েস্তানগরে বুধবার বিএনপির কার্যলয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়।

বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীরা প্রতি ইটপাটকেল নিক্ষেপে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাস) শৈলেন চাকমা জানান।

অপরদিকে পুলিশের বুলেট ও টিয়ার গ্যাস শেলে বিএনপির অনেক কর্মী-সমর্থক আহত হন বলে দলের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।  

আহতদের মধ্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগনসহ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির কার্যলয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা সমাবেশে জড়ো হতে থাকেন।

সকালে শায়েস্তানগর প্রবেশমুখে রাস্তায় সমাবেশ করায় তাতে পুলিশ বাধা দেয়। এ নিয়ে বিএনপি নেতকর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। বিএনপি নেতাকর্মীরা যেন কার্যালয়ের সামনে থেকে প্রধান রাস্তায় বের হতে না পারেন সেজন্য পুলিশ রাস্তার মুখে অবরোধ দিয়ে রাখে।

বেলা দেড়টার দিকে যুবদল নেতাকর্মীরা প্রধান সড়কে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও যুবদল নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়; শায়েস্তানগর পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়।

Image
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ শহরে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। যুবদল নেতাকর্মীদের প্রধান সড়কে আসার সময় পুলিশি বাধার মুখে সংঘর্ষ লেগে যায়; এতে শায়েস্তানগর পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ শহরে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়। যুবদল নেতাকর্মীদের প্রধান সড়কে আসার সময় পুলিশি বাধার মুখে সংঘর্ষ লেগে যায়; এতে শায়েস্তানগর পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়।

এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে পিছু হটে বিএনপি নেতাকর্মীরা। কিছুক্ষণ পরে আবার পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আরেক দফা সংঘর্ষ বাধে।

বেলা আড়াইটার দিকে বিএনপি নেতাকর্মীরা রাস্তা ছেড়ে চলে যান।

বিএনপি নেতাকর্মীরা জানান, সংঘর্ষে আহত জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ রিংগনসহ কয়েকজনকে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

আরও আহতদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুর রহমান সিতু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ আশফাক ও মোশাহিদ আহমেদ।

সংঘর্ষের পর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জি কে গউছের বাসভবনে সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসা করাতে সরকার যে বাধা সৃষ্টি করছে সেই বাধা প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

“আজকে আমরা হবিগঞ্জে সমাবেশ করতে এসেছিলাম। কিন্তু সরকারের নির্দেশে হবিগঞ্জের প্রশাসন আমাদেরকে সমাবেশ করতে দেয়নি। সমাবেশ আসতে বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে।

“পুলিশ আমাদের সমাবেশ মঞ্চের চারপাশ ব্যারিকেড দিয়ে রেখেছে। তারা আমাদের নেতাকর্মীদের উপর বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে। আমাদের অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।”

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাস) শৈলেন চাকমা বলেন, “বিএনপি নেতাকর্মীরা রাস্তায় সমাবেশ করতে চেয়েছে, যে কারণে আমরা তাদেরকে বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে শত শত বিএনপি নেতাকর্মীরা পুলিশরে উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়।”

সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “তবে কী পরিমাণ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে সেটির হিসাব এখনও করা হয়নি।”

তবে কয়জন পুলিশ আহত হয়েছেন, কিংবা তাদের কোথায় চিকিৎসা দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।